ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের এক কর্মী গতকাল শনিবার কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে ক্যাফেটেরিয়ার কর্মচারীরা ওই ছাত্রলীগ কর্মীকে অস্ত্র নিয়ে ধাওয়া করেন।
অভিযুক্ত ওই ছাত্রলীগ কর্মীর নাম তৌকির মাসুদ। প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে বসে আড্ডা দিচ্ছিলেন ইংরেজি বিভাগের ছাত্র তৌকির মাসুদ ও তাঁর সহপাঠীরা। এ সময় ব্যবস্থাপক বিপ্লব হোসেন তাঁদের সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তৌকির বিপ্লবকে মারধর করেন।
এরপর বিপ্লব ও ক্যানটিনের কর্মচারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় তৌকির কলা অনুষদ ভবনের ভেতরে লুকিয়ে পড়েন। পরে তাঁকে না পেয়ে তাঁরা চলে যান। এ ব্যাপারে বিপ্লব হোসেন বলেন, তৌকির ও তাঁর ১০-১৫ জন সহযোগী ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে বসে আড্ডা দিচ্ছিলেন। তিনি তাঁদের শিক্ষক লাউঞ্জ ছেড়ে সাধারণ শিক্ষার্থীদের বসার স্থানে যেতে বললে তৌকির তাঁর জামার কলার চেপে ধরে কিল-ঘুষি মারতে থাকেন। পরে ক্যাফেটেরিয়ার কর্মচারীরা তাঁকে বাঁচাতে এলে তাঁদেরও তৌকির ও তাঁর সহযোগীরা মারধর করেন। মারধরের সময় তাঁর কাছে থাকা ১৩-১৪ হাজার টাকা খোয়া গেছে। তৌকিরকে তাঁরা অস্ত্র নিয়ে তাড়া করেননি।
তৌকির মাসুদ বলেন, ‘আমি আমার বন্ধুদের নিয়ে ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে বসে ছিলাম। হঠাৎ ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপক বিপ্লব এসে আমাদের উঠে যেতে বললে তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। পরে আমি আমার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে আসি। সেখান থেকে ফেরার পথে বিপ্লব তাঁর কয়েকজন-কর্মচারী নিয়ে আমাকে ও আমার বন্ধুদের দা ও বঁটি নিয়ে তাড়া করেন। তখন আমরা কলা অনুষদের ভবনে ঢুকে যাই।’
এ বিষয়ে প্রক্টর মাহবুবর রহমান বলেন, বিষয়টি ভুল-বোঝাবুঝির কারণে হয়েছে। পরে সবার মধ্যস্থতায় বিষয়টি সমাধান করে দেওয়া হয়েছে।