ক্যানটিন ব্যবস্থাপককে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা পরিশোধ করতে বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক বহিষ্কৃত নেতা এক হল ক্যানটিনের ব্যবস্থাপককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী প্রথম আলোকে জানিয়েছেন, বহিষ্কৃত ওই নেতার নাম মেহেদী হাসান। কয়েকজন সঙ্গী নিয়ে তিনি গতকাল সন্ধ্যায় ক্যানটিনে খেতে যান। এ সময় তাঁকে আগের পাওনা টাকা পরিশোধ করতে বলেন ক্যানটিনের ব্যবস্থাপক শফিকুল ইসলাম। এতে মেহেদী ক্ষিপ্ত হয়ে উচ্চবাচ্য শুরু করেন। তিনি একপর্যায়ে শফিকুলকে কিল-ঘুষি মারতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান নিজ কক্ষে নিয়ে বিষয়টি মিটমাট করেন।
এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেনি। ওদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে তা সমাধান করে দিয়েছি।’
ক্যানটিনের ব্যবস্থাপক শফিকুল বলেন, ছাত্রলীগের সভাপতি ডেকে নিয়ে তাঁর পাওনা ১০ হাজার টাকা দিয়ে মীমাংসা করেন।