রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া আবাসিক হলের ক্যানটিনের খাবার খেয়ে গত দুই দিনে অন্তত ১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঁদের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনি ও গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ, বাংলা বিভাগ ফাইন্যান্স বিভাগের একজন করে ছাত্রী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের দুজন, পরিসংখ্যান বিভাগের দুজন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দুজন, সমাজবিজ্ঞান বিভাগের একজন, ফলিত রসায়ন বিভাগের একজন, মনোবিজ্ঞান বিভাগের একজন ও প্রাণিবিদ্যা বিভাগের একজন ক্যানটিনের খাবার পরে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগের অর্নিয়া খাতুন, বাংলা বিভাগের মরিয়ম আক্তার ও ফাইন্যান্স বিভাগের মনীরা সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হলের আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করেন, হল ক্যানটিনে যেসব খাবার বেঁচে যায়, সেগুলো পরদিন আবারও খেতে দেওয়া হয়। বেশির ভাগ সময় বাজার থেকে পচা মাছ কিনে রান্না করা হয়। মাংসের যে তরকারি রান্না করা হয়, সেটাও তেমন স্বাস্থ্যসম্মত নয়। আর আগের দিনের বাসি ডালের সঙ্গে নতুন ডাল ঢেলে দেওয়া হয়। গত শনিবার ক্যানটিনে নাশতা করার পর অন্তত ১০-১২ জন অসুস্থ হয়ে পড়েন।
মরিয়ম আক্তার বলেন, শনিবার রাতে খাবার খাওয়ার পর তাঁর খারাপ লাগছিল। পরে সকালে বেশি অসুস্থ হয়ে পড়েন।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দিলরুবা আখতার বানু বলেন, ‘আমি শনিবার ক্যাম্পাসে ফিরেছি। ছাত্রীদের অসুস্থ হওয়ার বিষয়টি শুনে আমি দ্রুত হলে গিয়েছিলাম। সেখানে তাঁদের চিকিৎসার খোঁজখবর নিয়েছি।’ তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় এ সমস্যা হয়েছে।