ক্যানটিনের মালিক ও বয়কে মারধর
নাশতা দিতে দেরি হওয়ায় ক্যানটিনের মালিক ও বয়কে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বি-ব্লকের ক্যানটিনে এ ঘটনা ঘটে।
হলের শিক্ষার্থীরা জানান, সকালে ৪১তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী দেবাশীস মিত্র ক্যানটিন বয় ইয়াসিনকে নাশতা দিতে বলেন। ওই সময় ক্যানটিনে শিক্ষার্থীদের চাপ থাকায় তাঁর নাশতা দিতে কিছুক্ষণ দেরি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইয়াসিনকে মারধর করেন দেবাশীস। এ সময় ক্যানটিনের মালিক মো. মামুন মারধর থামাতে গেলে তাঁকেও চড়-থাপড় মারেন দেবাশীস। পরে ক্যানটিনে উপস্থিত অন্য শিক্ষার্থীরা দেবাশীসকে থামান।
জানতে চাইলে দেবাশীস বলেন, ‘নাশতার জন্য অনেক সময় ধরে বসে ছিলাম। তাই রাগের মাথায় চড়-থাপড় দিয়েছি।’ যোগাযোগ করা হলে মামুন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।