ক্যামব্রিয়ানের ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাস থেকে নাঈমা বিনতে নাহিদ (১৪) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নাঈমা ক্যামব্রিয়ানের গুলশান শাখার দশম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ এবং ক্যামব্রিয়ান স্কুল কর্তৃপক্ষের দাবি, পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে সম্ভবত মেয়েটি আত্মহত্যা করেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল রাত ১০টার দিকে খবর পেয়ে ক্যামব্রিয়ান স্কুলের গুলশান-২ নম্বর শাখার ছাত্রীনিবাস থেকে নাঈমার লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এম কে বাশার প্রথম আলোকে জানান, নাঈমার সঙ্গে একটি ছেলের সম্পর্ক থাকার বিষয় নিয়ে তার পরিবারের সঙ্গে সম্ভবত ভুল বোঝাবুঝি হয়।
নাঈমার বাড়ি যশোর জেলায়। রাতে গুলশান পুলিশ এসে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আজ দুপুরের দিকে ওই ছাত্রীর লাশ তার পরিবারের সদস্যরা যশোর নিয়ে গেছেন।