ক্যামেরা ফেরত চাইতে গেলে সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরফদার রবিউল ইসলাম।
তরফদার রবিউল ইসলাম।

একটি স্টুডিওর মালিক ও তাঁর সহযোগী ব্যক্তিদের হাতে মারধরের শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বাগেরহাট প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম। ওই স্টুডিওতে আত্মীয়র রেখে যাওয়া ক্যামেরা ফেরত চাইতে গেলে এ ঘটনা ঘটে। হামলাকারী ব্যক্তিরা তাঁকে মারধর করে মাটিতে ফেলে লাঠি ও ইট দিয়ে আঘাত করেন।
গতকাল শুক্রবার রাতে বাগেরহাট শহরের দশানী এলজিইডির মোড়ে খুকুমণি স্টুডিওর সামনে এই ঘটনা ঘটে। তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
রবিউল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাগেরহাটে কর্মরত সাংবাদিকেরা। তাঁরা হামলাকারী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। বাগেরহাট প্রেসক্লাব শনিবার রাতে এই ঘটনায় জরুরি সভা আহ্বান করেছে।
এদিকে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় শনিবার দুপুরে আহত সাংবাদিক রবিউল ইসলামকে দেখতে বাগেরহাট সদর হাসপাতালে যান। তবে শনিবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশ রবিউলের ওপর হামলাকারী ব্যক্তিদের আটক করতে পারেনি।

আহত রবিউল ইসলাম এই প্রতিবেদককে বলেন, গত মঙ্গলবার তাঁর দুই ভাগনি দশানী এলজিইডির মোড়ের খুকুমণি স্টুডিওতে ক্যাননের একটি হ্যান্ডিক্যাম ক্যামেরা নিয়ে ছবি প্রিন্ট করতে যান। এ সময় স্টুডিওর মালিক নাজিমুদ্দিন তাঁদের ক্যামেরা রেখে যেতে এবং পরে আসতে বলেন। পরদিন ওই দুজন ক্যামেরা ও ছবি আনতে স্টুডিওতে গেলে মালিক ক্যামেরা রাখার কথা অস্বীকার করেন। এই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় রবিউল ক্যামেরা চাইতে ওই স্টুডিওতে যান। নাজিমুদ্দিন আবারও ক্যামেরা ফেরত দিতে অস্বীকার করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। তখন নাজিমুদ্দিন আশপাশের কিছু যুবককে ডেকে সবাই মিলে রবিউলকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে মাটিতে ফেলে লাঠি ও ইট দিয়ে মুখ, বুক, পিঠ ও হাতের বিভিন্ন স্থানে আঘাত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিরাজুল করিম বলেন, রবিউলের মুখমণ্ডল, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাগেরহাটের এসপি বলেন, সাংবাদিকের ওপর হামলাকারী ব্যক্তিদের কয়েকজনকে চিহ্নিত করা গেছে। তাঁদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

এ ব্যাপারে কথা বলতে আজ দুপুরে ওই স্টুডিওতে গিয়ে নাজিমুদ্দিনকে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।