ক্যামেরায় ধরা পড়ল চোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার থানা-পুলিশ এবং দেবীদ্বার পৌর মার্কেট কমিউনিটি পুলিশিং শাখার যৌথ উদ্যোগে দুই সপ্তাহ আগে পৌর মার্কেট এলাকায় পরীক্ষামূলকভাবে একটি সিকিউরিটি (নিরাপত্তা) ক্যামেরা স্থাপন করা হয়।
ওই ক্যামেরায় ধরা পড়ল এক অটোরিকশা চোর। তাঁর নাম মো. আরিফ (১৮)। গতকাল রোববার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত শনিবার বেলা একটার দিকে গুনাইঘর এলাকার অটোরিকশাচালক আরাফাত হোসেন (১৮) নিউমার্কেট মোড়সংলগ্ন জনতা ব্যাংকের সামনে তাঁর বাহনটি রেখে নাশতা খাওয়ার জন্য হোটেলে যান। হোটেল থেকে বের হয়ে চালক দেখেন, অটোরিকশাটি নেই। পরে একটি মুঠোফোন নম্বর থেকে অটোরিকশাটি ফিরে পেতে হলে অটোরিকশার মালিক বদিউল আলমের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় বিকেলে তিনি দেবীদ্বার থানায় মামলা করেন।
এরপর পুলিশ নিউমার্কেটে স্থাপিত নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্রে দেখতে পায় আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সী এক যুবক চাবি ছাড়া মাত্র দেড় মিনিটের মধ্যে অটোরিকশা চালু করে জাফরগঞ্জের দিকে চলে যান। ভিডিও ও মুঠোফোন নম্বরের মাধ্যমে অটোরিকশা চোর আরিফকে রাতে শনাক্ত করা হয়। এরপর তাঁকে থানায় ডেকে আনা হয়।
প্রথমে অটোরিকশা চুরির বিষয়টি তিনি অস্বীকার করেন। পরে ভিডিও দেখানো হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমানের নেতৃত্বে উপজেলার মোহনপুর ইউনিয়নের দীঘিরপাড় এলাকার একটি মাঠ থেকে গতকাল রোববার ভোরে অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে আরিফকে কুমিল্লার আমলি আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।