ক্যাম্পাস খুললেও ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ দিনের শীতকালীন ছুটি শেষে গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় খুললেও ২০-দলীয় জোটের অবরোধের কারণে কোনো বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

গত রোববার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হলেও বেশির ভাগ শিক্ষার্থী অবরোধের কারণে ক্যাম্পাসে ফিরতে পারেননি।

ক্যাম্পাস সূত্র জানায়, অবরোধের কারণে বিভিন্ন বিভাগের নির্ধারিত সময়ের পরীক্ষা স্থগিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষা সোমবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। একইভাবে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ১৪ জানুয়ারি এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও অবরোধের কারণে তা স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের মাস্টার্সের পরীক্ষা ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে বিভাগ।

উদ্বেগ আর উৎকণ্ঠা উপেক্ষা করে অবরোধের মধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করলেও পথে পথে ভোগান্তির শিকার হচ্ছেন। বেশির ভাগ শিক্ষার্থীই রেলপথে ফিরছেন ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা তাসনীম বলেন, অবরোধ উপেক্ষা করে গত রোববার সকাল ১০টায় নীলফামারীর চিলাহাটি বাড়ি থেকে বের হয়ে ট্রেনে করে রাজশাহী আসতে সময় লেগেছে ১৭ ঘণ্টা। অথচ অন্য সময় মাত্র ছয়-সাত ঘণ্টায় রাজশাহী পৌঁছানো যায়। রাত তিনটার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে হলে আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। একই রকম ভোগান্তির কথা জানালেন দিনাজপুরের শিক্ষার্থী রায়হানুল রানা, খুলনার আবু উবায়দা, জয়পুরহাটের কায়কোবাদ আল মামুন প্রমুখ। ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইকরামুল হোসেন জয়পুরহাট থেকে মুঠোফোনে বলেন, ‘ক্যাম্পাস খুললেও রাজনৈতিক অস্থিরতার কারণে ফিরতে পারছি না। অবরোধের কারণে বাবা-মা বাড়ি থেকে আসতে দিচ্ছেন না।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, ২ জানুয়ারি থেকে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল ১১ জানুয়ারি সকাল নয়টায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ক্লাস ও পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিজ নিজ বিভাগগুলোর। বিভাগগুলো চাইলে ক্লাস-পরীক্ষা নিতে পারে—এতে কোনো সমস্যা নেই। অবরোধের কারণে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে একটু বিলম্ব হচ্ছে। তবে শিক্ষার্থীরা ফিরলেই ক্লাস-পরীক্ষা হবে।’