ক্যাম্পাস থেকে চারটি ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল মঙ্গলবার সকালে ক্যাম্পাস থেকে চারটি ককটেল উদ্ধার করেছে আশুলিয়া থানা-পুলিশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলসংলগ্ন কলাবাগান মাঠে গতকাল সকালে স্থানীয় স্কুলপড়ুয়া ছেলেরা ক্রিকেট খেলছিল। তখন বল খুঁজতে গিয়ে তারা একটি ককটেল পায়। কিন্তু এটি চিনতে না পেরে তারা ছোড়াছুড়ি করতে থাকে। হঠাৎ ককটেলটির বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে পুলিশসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে শহীদ রফিক-জব্বার হলের উত্তর পাশ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।
গত সোমবার রাত নয়টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শহীদ রফিক-জব্বার হলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আহমেদ আটক হন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুই যুবক রাত নয়টার দিকে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় বাসভবনের নিরাপত্তাকর্মী ও পথচারীরা তাঁদের পিছু নিয়ে ক্যাম্পাসসংলগ্ন আমবাগান এলাকায় গিয়ে ওয়াসিমকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় রাতেই ওয়াসিমসহ চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী।