
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর আজ শুক্রবার হল ছেড়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও হামলার ঘটনায় গত রাতেই চারটি মামলা করা হয়েছে।
এসব মামলায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক আহমেদ ইয়াসিরসহ গ্রেপ্তার ১০ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
হল ছাড়তে গিয়ে দুর্ভোগ
আজ সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ পাওয়ার পর সকাল ৭টা থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। সকাল ১০টার মধ্যে প্রায় সব শিক্ষার্থী হল ছাড়েন। দুপুরের আগেই পুরো বিশ্ববিদ্যালয় ফাঁকা হয়ে যায়। হঠাত্ করে বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল তাগের নির্দেশ দেওয়ায় অনেক শিক্ষার্থীকেই বিশেষ করে ছাত্রী ও যাদের বাড়ি দূরে, তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে থেকে টিকিট কাটা নেই। ফলে সকালে ট্রেন থাকলেও তাতে ওঠা যায়নি। বিকেলের ট্রেনের টিকিট পাওয়া যাবে কি না, তা নিয়ে তাঁদের আশঙ্কা রয়েছে।
সংঘর্ষ ও হামলায় চার মামলা
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লে. সেলিম হলের সামনে পুলিশের ওপর হামলা ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে এসআই ওয়াহিদুর রহমান আজ দুটি মামলা দায়ের করেছেন। এসব মামলায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হাসান আহমেদসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রকৌশল বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রর মোড় এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় আরও দুটি মামলা করেছেন এসআই মাসুদুর রহমান। দুটি মামলাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আশরাফুল আলমসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
জেল হাজতে গেল ১০ জন
ওসি জানান, এসব মামলায় আটক করা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক আহমেদ ইয়াসিরসহ ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
ক্যাম্পাসে পুলিশ মোতায়েন
ক্যাম্পাসের বর্তমান অবস্থা সম্পর্কে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসের প্রধান ফটক ও শহীদ লে. সেলিম হলের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।’ গতকাল রাত থেকেই ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
শিবিরের অভিযোগ
গত বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত ই-মেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেলিম হলে ঢুকে শিবির কর্মীদের লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায় এবং শিবির নিয়ন্ত্রিত কক্ষগুলোতে ভাঙচুর ও লুটপাট করে।
এ ঘটনার নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আশরাফুল আলম ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হাসান আহমেদ।
তবে মারধর ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।
ক্যাম্পাস খুলতে পারে ১৮ সেপ্টেম্বর
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান সরকার বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির কারণে ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি শেষে ১৩ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির কারণে আগামী ১৮ অক্টোবর থেকে ক্যাম্পাস খোলার সম্ভাবনা রয়েছে।’