ক্যাম্পাসে অবৈধভাবে প্রবেশ করায় দুই যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে প্রবেশ ও সন্দেহজনক চলাফেরা করায় মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তাঁদের আটক করা হয়। পরে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আটক দুজন হলেন আকরাম উদ্দিন পাবেল ও আলী হায়দার। পাবেলের বাড়ি হাটহাজারী ও হায়দারের বাড়ি রাউজান উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আটক দুজনের মধ্যে আকরাম কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য। অবৈধভাবে অনুপ্রবেশ করায় ও নাশকতার আশঙ্কায় তাঁদের হাটহাজারী পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্দেহভাজন দুই যুবককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাঁদের পরিচয় যাচাইবাছাই করা হচ্ছে।’