চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত মোটরগাড়ির (টমটম) সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের চারজন কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন। এঁদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন টমটমের চালক খোকন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কর্মচারী মো. সোলাইমান, পদার্থবিজ্ঞান বিভাগের মো. আবদুস শুক্কুর, ইঞ্জিনিয়ারিং অনুষদের মো. নাসির ও বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি সহকারী মো. তাজুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল দুপুর দুইটায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে টমটমচালকসহ যাত্রীরা রাস্তার পাশে ছিটকে পড়েন। তাঁদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত খোকন ও তাজুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে বহিরাগতরা ক্যাম্পাসের অভ্যন্তরে বেপরোয়া গাড়ি চালালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কারও সঙ্গে ক্যাম্পাসে নানা কাজে আসে। কেউ বেপরোয়াভাবে গাড়ি চালানোর সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’