রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার সকালে এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে এক তরুণকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চারুকলা অনুষদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে চেয়ার-বেঞ্চ নিয়ে অনুষদের সামনের রাস্তা অবরোধও করেন তাঁরা। পরে ভবনের প্রধান ফটক বন্ধ করে সেখানে অবস্থান নেন। শিক্ষার্থীরা সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা জোরদার ও ভবনের চারদিকে প্রাচীর নির্মাণের দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রোকনুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।
আটক তরুণের নাম শরিফুল ইসলাম (২২)। তিনি রাজশাহী নগরের মাসকাটাদিঘী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের এক অধ্যাপকের মেয়ে সকাল সাড়ে ১০টার দিকে কাজলা গেট দিয়ে পশ্চিমপাড়ার বাসায় ফিরছিলেন। এ সময় তাঁকে অনুসরণ করে পেছন পেছন আসছিলেন শরিফুল। ওই ছাত্রী মন্নুজান হলের পেছনের রাস্তা দিয়ে বাসায় যাওয়ার সময় শরিফুল অতর্কিত তাঁর পথরোধ করে যৌন হয়রানি শুরু করেন। মেয়েটির চিৎকারে আশপাশে দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা ছুটে এলে শরিফুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন প্রহরীরা। মতিহার থানার পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
পশ্চিমপাড়ায় বসবাসকারী দুজন শিক্ষক অভিযোগ করেন, শিক্ষকদের আবাসিক এলাকা পশ্চিমপাড়ায় বহিরাগত, এমনকি ছাত্রছাত্রীদেরও চলাচল নিয়ন্ত্রিত। তারপরও সেখানে বসবাসকারী শিক্ষকদের স্ত্রী ও সন্তানেরা নানা হয়রানির শিকার হন। লোকলজ্জার কারণে সেসব ঘটনা প্রকাশ পায় না।
চারুকলা অনুষদের শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত ব্যক্তিরা অনুষদ ভবনের ভেতর ঢুকে শিক্ষার্থীদের হুমকি-ধমকি দেয়। ভবনের ছাদে নেশা করে। বিভিন্ন সময়ে ছাত্রীদের উত্ত্যক্তও করে। কিন্তু কোনো প্রতিকার নেই। প্রতিবাদ করতে গেলে উল্টো বখাটেরা তাঁদের ভয় দেখায়।
মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান, ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।