ক্যাম্পাসে ঢোকায় আ.লীগ নেতার গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা আওয়ামী লীগের সভাপতির ব্যক্তিগত গাড়ি নিয়ে তাঁর চালক গতকাল মঙ্গলবার বগুড়া জিলা স্কুলের ক্যাম্পাসে ঢোকেন। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে চালকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান ‘শিক্ষকের নির্দেশে’ ছাত্ররা গাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন গাড়িচালক।
এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের গাড়িতে করে পঞ্চম শ্রেণির ছাত্রী তাঁর নাতনিকে নিয়ে যান গাড়িচালক নজরুল ইসলাম। ‘নিষেধাজ্ঞা’ থাকা সত্ত্বেও ভেতরে গাড়ি নিয়ে ঢোকার এ ঘটনায় তাঁর সঙ্গে প্রধান শিক্ষক রমজান আলীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ডাকলে বিদ্যালয়ের মাঠ থেকে ক্রিকেট খেলার ব্যাট হাতে শিক্ষার্থীরা ছুটে আসে। গাড়ির পেছনের দিকে ভাঙচুর করে তারা। এই পরিস্থিতিতে নজরুল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
গাড়ি ভাঙচুরের এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মী জিলা স্কুলের সামনে ও সাতমাথায় অবস্থান নেন। কয়েকজন বিদ্যালয়ের ভেতরে অফিস কক্ষে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। তবে পরিস্থিতি আঁচ করতে পেরে প্রধান শিক্ষক আগেই বিদ্যালয় ত্যাগ করেন।
বেলা তিনটার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক পরিচয় জানার পর ফোন কেটে দেন। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একজন কর্মচারী প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক গাড়িচালকের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শিক্ষার্থীদের ডাক দেন। শিক্ষার্থীরা ছুটে এসে ক্রিকেট ব্যাট দিয়ে গাড়িতে এলোপাতাড়ি আঘাত করে।
এদিকে এ ঘটনার জেরে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে প্রধান শিক্ষক রমজান আলীর সেউজগাড়ি ঈদগাহ লেনের সেন্ট্রাল রেসিডেন্সিয়াল এলাকায় হাবিবা ম্যানসন নামের ছয়তলা বাসায় কয়েকজন যুবক ইটপাটকেল নিক্ষেপ করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানে গিয়ে দেখা গেছে, বাসার প্রধান ফটকে ভেতর থেকে তালা দেওয়া। সামনে পুলিশের অবস্থান।
মুঠোফোনে জানতে চাইলে প্রধান শিক্ষক রমজান আলীর স্ত্রী হাবিবা বেগম বলেন, পাঁচ-ছয়টি মোটরসাইকেলে আসা যুবকেরা ইটপাটকেল ছোড়েন। এতে তিনটি জানালার কাচ ভেঙেছে।
সেখানে উপস্থিত সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই যুবকের দল মোটরসাইকেলে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, সকালে জিলা স্কুলের ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতা আছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভাপতির গাড়িতে হামলার ঘটনায় চালক নজরুল ইসলাম বাদী হয়ে জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে মামলা করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের মুঠোফোন যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
জিলা স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, এ ঘটনায় দুই পক্ষকেই ধৈর্য ধরতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।