ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্রীকে মারধর ছাত্রলীগ কর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্ধবীর মুঠোফোন নম্বর না দেওয়ায় এক ছাত্রীকে মারধর করেছেন বরিশাল ব্রজমোহন কলেজের ছাত্রলীগের এক কর্মী। এ ঘটনায় কলেজ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দুই ছাত্রী ও তাঁদের পরিবার।
মারধরের শিকার ছাত্রী জানান, ছাত্রলীগের কর্মী আবদুর রহিম তাঁর এক বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় আবদুর রহিম তাঁকে মুঠোফোনে উত্ত্যক্ত করা শুরু করেন। একপর্যায়ে তাঁর বান্ধবী মুঠোফোন নম্বর পরিবর্তন করে ফেলেন। এরপর আবদুর রহিম সেই নতুন নম্বরটি পেতে মরিয়া হয়ে ওঠেন।
ছাত্রীটি জানান, গত বৃহস্পতিবার তিনি ক্যাম্পাসে গেলে আবদুর রহিম তাঁর পথরোধ করেন এবং তাঁর বান্ধবীর নতুন মুঠোফোন নম্বর চান। তিনি নম্বর দিতে অস্বীকৃতি জানালে আবদুর রহিম তাঁকে চড়-থাপড় মারতে শুরু করেন। পরে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, আবদুর রহিম ছাত্রলীগের রাজনীতি করায় কলেজে বেপরোয়াভাবে চলাফেরা করেন। এ কারণে ওই ছাত্রীকে প্রকাশ্যে মারধর করলেও প্রথমে কেউ এগিয়ে যাননি।
কলেজের একজন শিক্ষকের অভিযোগ, মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিনের অনুসারী ছাত্রলীগের কর্মী আবদুর রহিম। এ কারণে লিখিত অভিযোগ পেলেও অধ্যক্ষ তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেননি।
এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ ফজলুল হক বলেন, বিকেল (বৃহস্পতিবার) চারটায় লিখিত অভিযোগ দেওয়ায় বিষয়টি নিয়ে বসা সম্ভব হয়নি। আজ শনিবার অভিযুক্ত শিক্ষার্থীকে ডেকে পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে থানায় সোপর্দ করা হবে তাঁকে।