ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বহিরাগত যুবকেরা। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
হামলায় জড়িত সন্দেহে ইমদাদুল করিম নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল বেলা দেড়টার দিকে ক্যাম্পাসের পুকুরপাড়ে ব্যবসায় শিক্ষা প্রশাসনের ছাত্র সাকিবসহ কয়েক ছাত্রকে মারধর করেন বহিরাগত যুবকেরা। খবর পেয়ে কয়েকজন শিক্ষক ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইমদাদুল করিমকে ঘিরে ফেলেন। এ সময় তিনি শিক্ষক ও আনসার সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেন। পরে বিকেলে পুলিশ ক্যাম্পাসে গিয়ে ওই যুবককে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, থানা-পুলিশের কাছে সহায়তা চাওয়ার পর তাঁরা যথাযথ পদক্ষেপ নিয়েছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের মারধর করার অভিযোগে এক যুবককে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।