ক্যাম্পাসে সংগঠনের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার ওপর হামলা এবং এর জের ধরে নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুরের ঘটনা তদন্তে সংগঠনের গঠিত তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার ক্যাম্পাস পরিদর্শন করেছে। এদিকে ভাঙচুরের ঘটনায় হাটহাজারী থানায় এখনো মামলা হয়নি।

গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি তাইফুল হককে কুপিয়ে জখম করে। এর চার ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই সহসভাপতি মো. মামুন ও মো. নাজিম, পাঠাগার সম্পাদক আবু বকর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর বাসায় তাণ্ডব চালানো হয়। তাঁদের সবার বাসা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায়। অভিযোগ উঠেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী শতাধিক নেতা-কর্মী এসব ঘটনায় জড়িত। আহত তাইফুল সভাপতির পক্ষের নেতা।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি কাজী এনায়েত বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এসব ঘটনা তদন্তে সংগঠনের পক্ষ থেকে তাঁর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় সহসভাপতি মনির হোসেন ও আকিব হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম।

ছাত্রলীগ সূত্র জানায়, গত সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় চার নেতা চট্টগ্রামে আসেন। তাঁরা সেদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাইফুল হককে দেখতে যান। এরপর গতকাল দুপুরে তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন। প্রথমে তাঁরা তাইফুল হকের ওপর হামলার বিষয়ে খোঁজ-খবর নেন। তাঁরা বিকেলে ২ নম্বর গেটে ভাঙচুরের শিকার ছাত্রলীগের নেতা ও সাধারণ লোকজনের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি কাজী এনায়েত প্রথম আলোকে বলেন, ‘আমরা তাইফুলের সঙ্গে কথা বলেছি। আর যাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তাঁদের বাড়িতে গিয়েছি, তাঁদের কথা শুনেছি। এ ছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি।’ তিনি বলেন, ‘আগামীকাল (আজ বুধবার) আমরা ঢাকায় গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করব।’

এদিকে তাইফুল হকের ওপর হামলার ঘটনায় মামলা হলেও ছাত্রলীগের নেতাদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় এখনো মামলা হয়নি।

দিয়াজ ইরফান চৌধুরীর মা জাহেদা আমীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার রাত ১২টা পর্যন্ত আমি হাটহাজারী থানায় ওসির কক্ষে বসে ছিলাম। ওসি সাহেব মামলা নেবেন বলে আমাকে পরে আসতে বলেন। আজ মঙ্গলবার আমার এক আত্মীয় বেলা দুইটা পর্যন্ত হাটহাজারী থানায় বসে ছিলেন। মামলা না নিয়ে ওসি তাঁকে বলেছেন, এত অস্থির হওয়ার কিছু নেই। ঘটনা যেহেতু হয়েছে, মামলা নেওয়া হবে। কিন্তু আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মামলা নেওয়া হয়নি।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘তাঁরা একটি এজাহার দিয়েছেন। আমরা প্রাথমিক তদন্ত করেছি। মামলা রেকর্ড করার প্রক্রিয়া চলছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা এ প্রসঙ্গে বলেন, ‘ভাঙচুরের ঘটনায় কেউ মামলা দিতে এলে অবশ্যই আমরা তা নেব। মামলা নিতে আমি ওসিকে বলে দিয়েছি।’