ক্যাম্পাসে হামলার চেষ্টা, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খানের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে ছাত্রলীগ। এর আগে ওই ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালায়। এ সময় পার্শ্ববর্তী বয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেককে লাঞ্ছিত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মালেকের সমর্থকেরা গতকাল ক্যাম্পাসে হামলার চেষ্টা করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন রাতে মুর্শেদুজ্জামান তাঁর মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ আনেন। পরদিন ক্যাম্পাস ছাত্রলীগের চাপে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের সমর্থক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মইনউদ্দিন সোহাগকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় কেওয়াটখালী থেকে মুর্শেদুজ্জামান ব্যক্তিগত গাড়িতে করে আসার পথে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকে তাঁর ওপর হামলা হয়। ওই ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা রাত আটটার দিকে জব্বার মোড় ও কে আর মার্কেটের সব দোকান বন্ধ করে দেন। ক্যাম্পাসের ভেতর দিয়ে যাওয়া চলন্ত ট্রেনে ঢিল নিক্ষেপ, প্রক্টর অফিসে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেন। এ সময় ইউপি চেয়ারম্যান মালেকের বাসায় যাচ্ছিলেন। ক্যাম্পাসের জব্বার মোড় এলাকায় ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনার জের ধরে গতকাল বেলা আড়াইটার দিকে ক্যাম্পাসের দুটি প্রবেশ মুখে ঢোকার চেষ্টা করেন চেয়ারম্যানের সমর্থক ও বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ছাত্রদের হলের দিকে ঢুকতে চাইলে পুলিশের বাধায় তাঁরা ঢুকতে পারেননি। পরে ফিশারিজ মোড়ে একটি মাঠে মালেকের নেতৃত্বে সমাবেশ করেন এলাকাবাসী।
মুর্শেদুজ্জামান বলেন, বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য বিস্তারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। তিনি দ্রুত এর বিচার দাবি করেন। তবে জসিম উদ্দিন বলেন, ঘটনাগুলো বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাজানো নাটক।
আবদুল মালেক বলেন, শিক্ষার্থীরা যদি এলাকার লোকজনের কোনো ক্ষতি করেন, তাহলে তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম জাকির হোসেন বলেন, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।