ক্যামব্রিয়ানের ছাত্রীনিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাস থেকে গত বৃহস্পতিবার রাতে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষার্থীর নাম নাঈমা বিনতে নাহিদ (১৪)। সে ক্যামব্রিয়ানের গুলশান শাখার দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও ক্যামব্রিয়ান স্কুল কর্তৃপক্ষের দাবি, একটি ছেলের সঙ্গে নাহিদের সম্পর্ক ছিল। এ নিয়ে জটিলতায় সম্ভবত সে আত্মহত্যা করেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে খবর পেয়ে ক্যামব্রিয়ান স্কুলের গুলশান-২ নম্বর শাখার ছাত্রীনিবাসের ছয়তলা থেকে নাহিদের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এম কে বাশার জানান, ঈদের ছুটির পর নাঈমা ঢাকায় এসে মনমরা থাকত। তাঁরা শুনেছেন, একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। এ নিয়ে পরিবারের সঙ্গে তার ঝামেলা চলছিল। বৃহস্পতিবার বিকেলে মেয়েটির সঙ্গে তার বাবা কথা বলেন। সন্ধ্যার দিকে ছাত্রীনিবাসের অন্য শিক্ষার্থীরা পড়ার কক্ষে যায়। রাতে তারা ফিরে এসে ঝুলন্ত লাশ দেখে। ছয়তলার কক্ষে নাহিদসহ তিন শিক্ষার্থী থাকত।
নাঈমার বাবা সৈয়দ নাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে নাঈমার সঙ্গে পড়াশোনা নিয়ে কথা হয়। ওর সঙ্গে কোনো ছেলের প্রেমের সম্পর্ক আছে কি না, তা জানি না। স্কুল কর্তৃপক্ষ কিছু আড়াল করতে এ কথা বলছে কি না, সেটিও বুঝতে পারছি না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেব।’
নাঈমার লাশ গতকাল শুক্রবার গ্রামের বাড়ি যশোর জেলার কেশবপুরে নিয়ে যাওয়া হয়।

আরও তিনজনের অপমৃত্যু:
রাজধানীতে গতকাল ও গত বৃহস্পতিবার পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সড়ক দুর্ঘটনায় আহত আমির হোসেন (৪০)।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, নিহত আমির মিরপুর ১১ নম্বরে পূরবী সিনেমা হলসংলগ্ন এলাকার থাকতেন। গত বৃহস্পতিবার রাতে ওই এলাকায় ট্রাকের ধাক্কায় তিনি আহত হন। এরপর তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুরে নবাবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফাহিম (১০) নামের এক শিশু মারা যায়। শিশুটির বাবা বাদশা মিয়া সাংবাদিকদের জানান, ফাহিম নবাবপুর রোডের মানসী সিনেমা হলসংলগ্ন এলাকায় নানির সঙ্গে থাকত। গতকাল সে বাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এদিকে প্রায় একই সময়ে মিরপুরের কাজীপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নূর উদ্দিন (৪৫)। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তাঁর বাবার নাম কবির মিয়া।