ক্যাশ সহকারীর উঠান খুঁড়ে ব্যাংকের সেই টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানাজানি হওয়ার সাত ঘণ্টা পর রূপালী ব্যাংকের ফরিদপুর শাখা থেকে খোয়া যাওয়া ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ১ কোটি ২২ লাখ টাকা উদ্ধার হয়েছে। টাকাগুলো ব্যাংকের ক্যাশ সহকারী আবুল কালামের বাড়ির উঠানে মাটির নিচে প্লাস্টিকের ড্রামে রাখা ছিল। তাঁর বাড়ি ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় মাটি খুঁড়ে এ টাকা উদ্ধার করা হয়।

আটক আবুল কালাম আজাদ জানান, ব্যাংকের নৈশপ্রহরীর সহায়তায় টাকা চুরি করা হয়। বাকি টাকা তিনি তাঁর নিজস্ব হিসাবে রেখেছেন। তা তিনি ফেরত দেবেন বলে জানান।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার জানান, টাকাগুলো একটি ছোট আকারের ড্রামের মধ্যে ভরে বাড়ির উঠানের মাটি কেটে রাখা হয়েছিল। টাকা উদ্ধারের সময় রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক খান শহীদুল ইসলাম বলেন, ব্যাংকের টাকা চুরির কথা শুনে ঢাকা থেকে জিএম আবদুল মজিদ শেখের নেতৃত্বে ঊর্ধ্বতন চার কর্মকর্তা ফরিদপুরে এসেছেন। তাঁদের সঙ্গে পরামর্শ করে আবুল কালামকে আসামি করে মামলা করা হবে।

খান শহীদুল ইসলামের ভাষ্য, শুক্র ও শনিবার বন্ধ থাকার পর আজ সকালে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। লেনদেন শুরু হলে সকাল ১০টার পর তিনি ব্যাংকের ভল্ট খুলতে গেলে সেটির দরজা খোলা দেখতে পান। এরপর তিনি ভল্ট টাকাশূন্য অবস্থায় দেখতে পান।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিমুজ্জামান সকালে বলেন, খবর নিয়ে তিনি জেনেছেন, চুরি যাওয়া টাকার পরিমাণ প্রায় দেড় কোটি। এ ঘটনার পর ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাংকের যাবতীয় হিসাব জব্দ করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ক্যাশ সহকারী আবুল কালাম আজাদ, একজন নৈশপ্রহরী ও তিনজন আনসার সদস্যকে থানায় নিয়ে যাওয়া হয়।