ক্যাসিনো-কাণ্ডে কলাবাগান ক্লাবের ফিরোজসহ দুজনকে দুদকে তলব

ক্যাসিনো-কাণ্ডে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। আজ সোমবার আলাদা আলাদা নোটিশে তাঁদের তলব করা হয় বলে দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
যাঁদের তলব করা হয়েছে, তাঁরা হলেন কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ওরফে ফিরোজ এবং যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগের সাবেক নেতা জাকির হোসেনের স্ত্রী আয়েশা আক্তার সুমা ওরফে মোসা. সোমা। ফিরোজকে আগামী ৫ ফেব্রুয়ারি এবং সুমাকে ৯ ফেব্রুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে ক্যাসিনোবিরোধী অভিযানের শুরুতে ২০ সেপ্টেম্বর কলাবাগান ক্রীড়াচক্র থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন ফিরোজ। অস্ত্র ও মাদক আইনে তাঁর বিরুদ্ধে দুটি মামলা করে র্যাব। অন্যদিকে, ২ কোটি ৬৮ লাখ ২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৩০ অক্টোবর তাঁর বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জামিন পান ফিরোজ। তাই মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে।
যুবলীগের গ্রেপ্তার নেতা জাকিরের স্ত্রী সুমা বেগমের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১৭ ডিসেম্বর মামলা করেন দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। সেই মামলার তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য সুমা বেগমকে তলব করা হয়েছে বলে দুদক জানিয়েছে।
ফিরোজের অবৈধ সম্পদ অর্জনের তথ্য
কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ওরফে ফিরোজের বিরুদ্ধে ২ কোটি ৬৮ লাখ ২ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়ে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, শফিকুল আলম ১ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৪৭০ টাকার স্থাবর সম্পদ হিসেবে অকৃষি সম্পত্তি অর্জন করেছেন বলে আয়কর নথিতে তথ্য দিয়েছেন। অনুসন্ধানে এ সম্পদের পরিমাণ আরও বেশি বলে দুদক মনে করছে। এ ছাড়া তিনি ওই সম্পদ অর্জনের সুনির্দিষ্ট কোনো উৎস দেখাতে পারেননি।
অনুসন্ধানের সময় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে পাওয়া তথ্য অনুসারে বিভিন্ন ব্যাংকে তাঁর ১ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ১২০ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়। ওই টাকারও সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি দুদক।
দুদক বলছে, স্থাবর ও অস্থাবর সম্পদ হিসেবে পাওয়া মোট ২ কোটি ৬৮ লাখ ২ হাজার ৬৩৯ টাকা তিনি অবৈধভাবে অর্জন করেছেন।
এজাহারে আরও বলা হয়, অনুসন্ধানে তারা তথ্য পেয়েছে, শফিকুল আলম একসময় ধানমন্ডি ক্লাবের সভাপতি ছিলেন। ওই ক্লাবের সদস্য হওয়ার জন্য তিনি ৬০ লাখ টাকা দিয়েছেন। শফিকুলের স্ত্রীর নামে ধানমন্ডিতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার তথ্যও পেয়েছে সংস্থাটি। তারা বলছে, দেশ–বিদেশে শফিকুলের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর তদন্তের সময় সেগুলো আমলে নেওয়া হবে।
সুমার বিরুদ্ধে অভিযোগ
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগের সাবেক নেতা জাকির হোসেনের স্ত্রী সুমার সাড়ে চার কোটি টাকারও বেশি সম্পদের তথ্য পেয়েছে দুদক। তাঁর বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, আয়েশা একজন গৃহিণী। তিনি বিভিন্ন অবৈধ উপায়ে ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩০০ টাকার অবৈধ সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে তা নিজ ভোগদখলে রেখেছেন।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত আয়েশা আক্তারের নাম ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৭৮৮ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এ ছাড়া অনুসন্ধানে আয়েশার নামে সূত্রাপুর সাবরেজিস্ট্রি অফিসের একটি সাবকবলা দলিলের মাধ্যমে ২৯৩ দশমিক ৫০ অজুতাংশ জমি কেনার তথ্য প্রমাণ পাওয়া যায়। জমিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের পুরানা পল্টন লাইনে অবস্থিত। সরেজমিনে পরিদর্শনে দুদক দেখেছে, ওই জমিতে একটি সাততলা বাড়ি আছে, যার আনুমানিক নির্মাণ ব্যয় প্রায় এক কোটি টাকা। জমি এবং জমিতে নির্মাণ করা ভবনের তথ্য তিনি আয়কর নথিতে প্রদর্শন না করে গোপন করেছেন। অনুসন্ধানে আয়েশার স্থাবর সম্পদের দলিলমূল্য ৩ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৭৮৮ টাকা পাওয়া গেলেও প্রকৃতপক্ষে ওই সম্পদের দাম আরও বেশি হবে বলে মনে করছে দুদক। ওই সব সম্পদ অর্জনের কোনো বৈধ উৎস পায়নি দুদক। স্থাবর–অস্থাবর মিলিয়ে আয়েশার ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক।
এজাহারে দুদক আরও বলেছে, আয়েশা আক্তার একজন গৃহিণী হয়েও বিভিন্ন অবৈধ পন্থায় নামে–বেনামে দেশে এবং দেশের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহের প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ বিধায় তদন্তকালে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতার আওতায় তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।