ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে আসামির বাড়িতে গিয়ে তাঁর মাকে মারধরসহ ভাইকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার ওই ঘটনা ঘটে বলে জানা গেছে। অবরোধ চলাকালে গাড়ি পোড়ানোর মামলার আসামি ও আগৈলঝাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান হাসান রিপন এ অভিযোগ করেন।
পুলিশ জানায়, গৌরনদী হয়ে পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাশ রোডে ৮ ফেব্রুয়ারি রাতে একটি ফলবাহী পিকআপে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করছেন আগৈলঝাড়া থানার এসআই নজরুল ইসলাম।
মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান হাসান অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে তাঁকে খুঁজতে বাড়িতে যান এসআই নজরুল। সে সময় তাঁকে না পেয়ে তাঁর পরিবারকে নানা হুমকি ও ভয়ভীতি দেখান। এর আগে ১৮ মে রাতে ওই কর্মকর্তা তাঁদের বাড়িতে গিয়ে তাঁর বৃদ্ধ মাকে টানাহেঁচড়া ও মারধর করেন।
সালমানের ভাই জামাল বেপারী অভিযোগ করেন, মাকে মারধর না করার জন্য এসআই নজরুলের কাছে অনুনয়-বিনয় করেও লাভ হয়নি। বরং তাঁকে (জামাল বেপারী) ধরে নিয়ে তিনি গাড়ি পোড়ানোর মামলায় ক্রসফায়ার দেওয়ার হুমকি দেন।
সালমান হাসান বলেন, ‘জামালকে ক্রসফায়ার থেকে বাঁচাতে আমার পরিবারের সদস্যরা এসআই নজরুল ইসলামকে ৩০ হাজার টাকা দেন।’
ওই পুলিশ কর্মকর্তা গাড়ি পোড়ানোর মামলাকে ব্যবহার করে তাঁর দলের অনেক নেতা-কর্মীকে ক্রসফায়ারের ভয় দেখাচ্ছেন। এরপর নগদ ও বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
সালমানের মাকে মারধরের অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া থানার এসআই নজরুল ইসলাম বলেন, সালমান হাসান রিপন ও জামাল বেপারী দুই ভাইয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এর মধ্যে সালমান পলাতক। তাই মাঝেমধ্যে ওই বাড়িতে যাওয়া হয়। ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করার বিষয়ে তিনি বলেন, জামালকে একটি চুরির মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। কিছুদূর নিয়ে আসার পর তিনি জামিনে আছেন বলে জানান। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ সময় কোনো টাকা নেওয়া হয়নি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’