ক্রিকেট খেলা নিয়ে কিশোরকে হত্যার অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর ভাটিয়ারী গ্রামে ক্রিকেট খেলতে গিয়ে এক কিশোর আরেক কিশোরকে গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম মো. রবিন (১৬)। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রবিনের এক সহপাঠী সজীবের ভাষ্য, সকালে সে, জাহেদ, রাজুসহ পাঁচ সহপাঠী মাঠে ক্রিকেট খেলছিল। কিছুক্ষণ পর রবিন গিয়ে তাকে খেলায় নেওয়ার অনুরোধ করে। এ সময় রাজু উসকানিমূলক কথা বললে দুজনের কথা-কাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে রাজু রবিনকে লাথি মারলে সে মাঠিতে পড়ে যায়। পরে রাজু গলা টিপে রবিনকে হত্যা করে।
নিহত রবিন উত্তর ভাটিয়ারী গ্রামের শাহ আলমের ছেলে। আর রাজু একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
রবিনের বড় চাচার ছেলে মো. হারুন প্রথম আলোকে বলেন, নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি রবিনকে খালা হালিমার ঘরে নিয়ে যান। পরে হালিমার বাড়ির অন্য লোকজন রবিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, স্থানীয় লোকজন রবিনকে আহত ভেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিনের খালা হালিমার দাবি, রাজু পরিকল্পিতভাবে রবিনকে খুন করে পালিয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, ছেলের মৃত্যুর খবরে রবিনের মা বাবার জ্ঞান হারিয়ে ফেলছেন। বাবা বাগরুদ্ধ হয়ে বসে ছিলেন। লাশ তখন হাসপাতালে।
তবে রাজুদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।