ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ নিহত ১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার টেকপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। সংঘর্ষে আরও চারজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম হামিদুল ইসলাম সাকুর (৫০)। তিনি টেকপাড়া গ্রামের বাসিন্দা ও পাওয়ারলুমের মাকু মেরামতের মিস্ত্রি ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মনির ও রায়হান নামের দুজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া ঈদগা-সংলগ্ন মাঠে স্থানীয় দুই দল কিশোরের মধ্যে ক্রিকেট খেলা হয়। খেলায় হামিদুলের পক্ষের একজন আউট হওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এতে গ্রামের বড়রাও জড়িয়ে পড়েন। এর জের ধরে মনিরের পক্ষ ও হামিদুল পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় হামিদুল, মনির, রায়হানসহ পাঁচজন আহত হন। পরে নরসিংদীর মাধবদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে হামিদুল মারা যান।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।