ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের ছাত্রদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে চার ছাত্রীসহ ফিশারিজ অনুষদের সাতজন আহত হন। তাঁদের মধ্যে তাসনীম, তিশা ও নাজনীনকে নগরের খুলশী এলাকার হলি ক্রিসেন্ট হাসপাতালে এবং রিয়াদ, আনিস, অ্যানি ও আবিরকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের কারও আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রীরা উড়ে আসা ইটের টুকরার আঘাতে আহত হন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের মঙ্গলবার বেলা তিনটা ও ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র ও শিক্ষার্থীরা জানান, গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের মধ্যে ক্রিকেট খেলা হয়। ওই সময় একটি রানআউটকে কেন্দ্র করে খেলার মাঠে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে সোমবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকেরা বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, সমঝোতার পরও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। গতকাল ভোরে বিশ্ববিদ্যালয়ের এম এ হান্নান ছাত্রাবাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের কয়েকজন ছাত্র ফিশারিজ অনুষদের এক ছাত্রকে মারধর করেন। আর সকালে ক্যাম্পাসে ফিশারিজের ছাত্ররা ভেটেরিনারি মেডিসিনের এক ছাত্রকে মারেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রথম আলোকে জানান, গতকাল বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুই অনুষদের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সময় পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর জরুরি বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বিকেলে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ছাত্ররা পুলিশ পাহারায় ছাত্রাবাস থেকে বের হয়ে আসছেন। কিছুসংখ্যক ছাত্রীকেও হল ত্যাগ করতে দেখা যায়।
নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামউদ্দিন গতকাল বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন শান্ত।