ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সংঘর্ষে সাত শিক্ষার্থী আহত হন। এরপর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় আহত তাসনীম, তিশা, নাজনীনকে নগরের খুলশী এলাকার হলি ক্রিসেন্ট হাসপাতালে এবং রিয়াদ, আনিস, অ্যানি ও আবিরকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। আহতরা সবাই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। আর ছাত্রীরা ইটের টুকরায় আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুই অনুষদের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় শিক্ষার্থীরা পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও খুলশী থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর জরুরি বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ সাংবাদিকদের বলেন, ক্রিকেট খেলা ​নিয়ে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের মঙ্গলবার বেলা তিনটা এবং ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যায় প্রশাসন ও শিক্ষার্থীদের ভাষ্য, গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। একটি রান আউটকে কেন্দ্র করে খেলার মাঠেই দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে রাত নয়টার দিকে উপাচার্য গৌতম বুদ্ধ দাশসহ শিক্ষকেরা বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী আজ বিকেলে হল ছাড়ার সময় প্রথম আলোকে বলেন, সমঝোতার পরও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছিল। আজ ভোরে বিশ্ববিদ্যালয়ের এম এ হান্নান ছাত্রাবাসে ভেটেরিনারি মেডিসিন অনুষদের কয়েকজন ছাত্র ফিশারিজ অনুষদের এক ছাত্রকে মারধর করেন। পরে ক্যাম্পাসে ফিশারিজের ছাত্ররা ভেটেরিনারি মেডিসিনের এক ছাত্রকে মারেন। এ থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আজ বিকেলে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, সংঘর্ষের পর ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ছাত্ররা পুলিশ প্রহরায় ছাত্রাবাস থেকে বের হয়ে যান। অল্পসংখ্যক ছাত্রীকেও হল ছাড়তে দেখা গেছে।
নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামউদ্দিন বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত আছে।

আরও পড়ুন...