ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর খুন
কেরানীগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাসুদ রানা (১৭) নামে এক কিশোর খুন হয়েছে।
এ ঘটনায় মাহবুব (২০) নামে আরেকজন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বালুর মাঠে এ ঘটনা ঘটে।
আহত মাহবুব বলেন, ‘গতকাল বেলা ১১টার দিকে ছয়-সাতজন ছেলেকে নিয়ে হাসনাবাদ বালুর মাঠে ক্রিকেট খেলতে যাই। তখন জনি নামে একটি ছেলে আমাদের খেলতে বাধা দেয়। এ নিয়ে তার সঙ্গে আমাদের বাগ্বিতণ্ডা হলে জনি আমাকে চড়-থাপড় দেয়। এরপর আমরা মাঠ থেকে চলে এসে আবার কয়েকজনকে নিয়ে সেখানে যাই। তখন জনি ও তার দলবল আমাদের ধাওয়া করে।
এ সময় সবাই পালিয়ে গেলেও আমি মাটিতে পড়ে যাই। তখন জনি ও কয়েকজন আমাকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে আঘাত করে। তবে মাসুদ আমাদের সঙ্গে খেলতে যায়নি। কিন্তু মাঠে মাসুদকে দেখে আমাদের সঙ্গে এসেছে ভেবে জনি তাকেও মারধর করে। মারধরের একপর্যায়ে কোমর থেকে ছুরি বের করে মাসুদের পেটে কয়েকবার আঘাত করে।’
নিহতের ভাই মাসুম বলেন, ‘দুর্বৃত্তরা মাসুদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
নিহত মাসুদ কুমিল্লার চান্দিনা থানার সবদরপুর গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে। সে হাসনাবাদ মোকামপাড়া এলাকায় তার নানির সঙ্গে থাকত।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন মীর বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুনেছি, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জনি নামে এক যুবক এ ঘটনা ঘটিয়েছে।’