ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধ, কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও বউবাজার এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিহত হয়েছে ১৭ বছরের এক কিশোর। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত ওই কিশোরের নাম রাসেল। গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল সে। সে নিউ খিলগাঁও পুরাতন জামে মসজিদের পাশে পরিবারের সঙ্গে বসবাস করত।

রাসেলের ভাই আবু সালে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে পাড়ার ছেলেরা দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলছিল। হঠাৎ দুই দলের মধ্যে খেলা নিয়ে ঝগড়া শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা তাঁকে জানিয়েছেন রাত ৮টার দিকে কয়েকজন মিলে রাসেলের ওপর হামলা করে। তারা রাসেলকে উপর্যুপরি ছুরি মারতে থাকে। তারপর মাঠে ফেলে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁরা রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা রাসেলকে মৃত ঘোষণা করে। নিহত রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রাসেলের বাবার নাম মো. সিরাজুল ইসলাম। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ। দুই ভাইয়ের মধ্যে রাসেলই ছিল ছোট।

এই ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।