ক্রিকেট নিয়ে বাজিতে হেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা!
রাজবাড়ীর গোয়ালন্দে আগুনে দগ্ধ হয়ে সুরভী আক্তার (২৪) নামের এক গৃহবধূ এখন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আগুনে তাঁর শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। পরিবারের দাবি, বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ নিয়ে বাজি ধরে হেরে যাওয়ার পর স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি নিজের গায়ে আগুন দেন। গত রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
সুরভী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কছিমদ্দিন সরদারপাড়ার মাসুদ সরদারের স্ত্রী।
এলাকার কয়েকজন জানান, গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সুরভীর বাবার বাড়ি। আর ৯ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়ি। বাবার বাড়িসংলগ্ন সেলিম স্টোর নামের একটি মুদি দোকানে প্রায়ই এলাকার নারী-পুরুষ নির্বিশেষে ক্রিকেট ও ফুটবল খেলাকে কেন্দ্র করে জুয়া খেলে। কে হারবে, জিতবে, কোন খেলোয়াড় কত রান করবে, কত উইকেট নেবে, কয়টি গোল করতে পারে—এমন নানা প্রশ্ন নিয়ে টাকার বিনিময়ে তাঁরা বাজি ধরেন। ৫০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত বাজি চলে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ নিয়ে রোববার সুরভী বাজি ধরে হেরে যান। এভাবে মাঝেমধ্যে খেলায় বাজি ধরে হেরে যাওয়ার কারণে সংসারে টানাপোড়েন দেখা দেয়। প্রায় এক লাখ টাকার মতো ঋণ হয়। এ নিয়ে রোববার রাতে স্বামী মাসুদ ও সুরভীর মধ্যে ঝগড়া হয় এবং মাসুদ বাইরে চলে যান। একপর্যায়ে সুরভী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় পরিবার ও আশপাশের লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরদিন সোমবার তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিতে সুরভীকে নিয়ে তাঁর স্বামী চলে যায়।
সুরভীর শ্বশুর মোসলেম সরদার জানান, বেশ কিছু টাকা দেনা হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ ছাড়া ঘটনার দিন শুনেছি তাঁর বাবার বাড়ির পাশের একটি দোকানে বসে ক্রিকেট খেলায় বাজি ধরে অনেক টাকা হেরেছে। পরে টাকা পরিশোধ করতে না পেরে ক্ষোভে নিজেই শরীরে আগুন ধরিয়ে দেয়।
সুরভীর বাবা সালাম সরদার বলেন, ‘স্থানীয় সেলিম শেখের মুদি দোকানে রাখা টেলিভিশনে এলাকার লোকজন খেলা দেখে। প্রায় প্রতিদিন বিভিন্ন খেলা নিয়ে টাকার বিনিময়ে বাজি ধরে অনেকে। এতে এলাকার ছেলেমেয়ে টাকাপয়সা শেষ করে দিচ্ছে। কৌতূহলবশত সুরভীও বাজি ধরে অনেক টাকা লোকসান খেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে তাঁর কোন অভিযোগ না থাকায় আমরাও থানায় অভিযোগ করিনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল বাক্কি জানান, সুরভীর বুক ও হাতের কিছু অংশ দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে তাঁর শরীরের প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে। এখানে বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সকালে গোয়ালন্দ বাজার রেলস্টেশন এলাকায় খাজা অফিসসংলগ্ন সেলিম শেখের মুদি দোকান বন্ধ দেখা যায়। পরে সেলিম বলেন, ‘এখন থেকে দোকানে এ ধরনের আর কোনো ঘটনা ঘটবে না। এবারের জন্য আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।’
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। কেউ কোনো অভিযোগ করেনি। এটা জুয়া খেলা কি না, তা নিয়ে সন্দেহ আছে। খোঁজ নেব।’