ক্রিকেট নিয়ে সংঘর্ষে ওসিসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের মোঘলটুলা ও চাঁনমনিপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে। এক ঘণ্টা পর লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে উপজেলা সদরের সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মোঘলটুলা ও চাঁনমনিপাড়া গ্রামের একদল কিশোর ক্রিকেট খেলছিল। দুপুর ১২টার দিকে খেলা নিয়ে মাঠের দর্শকসারিতে থাকা মোঘলটুলা গ্রামের মোহন মিয়ার (১৬) সঙ্গে চাঁনমনিপাড়া গ্রামের আরমান মিয়া (১৭) ও সারোয়ার হোসেনের (১৬) বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে দুই গ্রামের মাঝের সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিপেটা ও সাতটি রাবার বুলেট ছোড়ে। এ সময় ইটপাটকেলের আঘাতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহার ডান হাত জখম হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের জেলা সদরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ওসি রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।