ক্রিকেট ব্যাটের আঘাতে তরুণ নিহত
দিনাজপুরের পার্বতীপুরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে এক তরুণের ব্যাটের আঘাতে অপর এক তরুণ নিহত হয়েছে। গত শনিবার উপজেলা শহরের গোবিন্দপুর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই তরুণকে গ্রেপ্তার করেছে।
নিহত তরুণের নাম আরিফুল ইসলাম (২০)। সে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর দোলাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে।
গ্রেপ্তার হওয়া তরুণ আকরাম আলী (১৯)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্বতীপুর শহরের গোবিন্দপুর বাইতুল আমান ফাজিল মাদ্রাসা মাঠে মাদ্রাসার ছাত্র এবং স্থানীয় তরুণেরা নিয়মিত ক্রিকেট খেলে। শনিবার বিকেলে খেলা চলাকালে নির্দিষ্ট একটি ক্রিকেট ব্যাট দিয়ে খেলাকে কেন্দ্র করে স্থানীয় আরিফুলের সঙ্গে মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র আকরাম আলীর ঝগড়া হয়। একপর্যায়ে আকরাম আলী ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ব্যাট দিয়ে আরিফুলের মাথায় আঘাত করে। এতে আরিফুল মাটিতে লুটিয়ে পড়ে। আকরাম ও স্থানীয় লোকজন দ্রুত আরিফুলকে স্থানীয় পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে সে মারা যায়।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, এ ঘটনায় নিহতের বাবা নবাব আলী বাদী হয়ে আকরাম আলীকে আসামি করে পার্বতীপুর থানায় হত্যা মামলা করেছেন। গতকাল রোববার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আরিফুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।