ক্রিকেটকে ঘিরে অনলাইনে জুয়ার আয়োজন করতেন তাঁরা
আইপিএল, বিপিএলসহ ক্রিকেটের বিভিন্ন আসর ঘিরে অনলাইনে জুয়া ও বাজির আয়োজন করতেন তাঁরা। এ কাজে ব্যবহার করা হতো ভার্চ্যুয়াল মুদ্রা। এরপর বিদেশে করতেন অর্থ পাচার। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকাসহ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তোফায়েল ইসলাম ওরফে রাসেল (২৭), শাকিল খান (৩৫), পারভেজ (২৪), সাগর (৩০) ও জিয়াউল হক ওরফে রনি (৩৯)।
সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসেন বলেন, আটক ব্যক্তিরা প্রথমে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে যুক্ত হন। পরে তাঁরা বেকার তরুণদের লক্ষ্য করে অল্প সময়ে প্রচুর টাকা আয়ের প্রলোভন দেখান। এরপর ধাপে ধাপে ওই তরুণদের অনলাইন জুয়ায় আসক্ত করে তোলা হয়। এ ছাড়া অবৈধভাবে ইলেকট্রনিক লেনদেনের মাধ্যমে বিদেশে অর্থ পাচারও করতেন তাঁরা।
সিআইডির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার তোফায়েল স্নাতকের (সম্মান) ছাত্র।
ইংরেজিতে দক্ষ হওয়ায় অনলাইন জুয়া থেকে পাওয়া ভার্চ্যুয়াল ডলার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় পরিণত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন তিনি। এ ছাড়া লন্ডনভিত্তিক একটি জুয়ার প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট বিশেষভাবে সংগ্রহ করে অন্যদের কাছে সরবরাহ করতেন। পরে তাঁদের কাছে জুয়া খেলার জন্য ভার্চ্যুয়াল মুদ্রা বিক্রি করতেন।
দীর্ঘদিন ধরে তোফায়েল ও তাঁর সহযোগীরা অনলাইনে জুয়া চক্র চালিয়ে আসছেন বলে জানান ইমাম হোসেন। তিনি বলেন, তোফায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডলার কেনাবেচা’ গ্রুপের এজেন্ট হিসেবে কাজ করেন। কোনো কারণে ভার্চ্যুয়াল ডলার অনলাইনে আটকে গেলে, তা ছাড়াতেও বিশেষভাবে পারদর্শী তিনি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।