ক্রিকেটার এনামুলের বিরুদ্ধে তরুণকে পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ক্রিকেটার এনামুল হক ওরফে বিজয়ের বিরুদ্ধে এক তরুণকে পেটানোর অভিযোগ উঠেছে। শহরের বড়বাজার এলাকায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
আহত ওই তরুণের নাম মোতালেব হোসেন (২৬)। মোতালেব শহরের বড়বাজার এলাকার আবদুল হালিমের ছেলে। তিনি বড়বাজারে ডালের ব্যবসা করেন। এ ঘটনায় ওই দিনই উভয় পরিবার কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মোতালেব হোসেন বলেন, প্রায় চার বছর ধরে এনামুলের বাবা জামিল হোসেন তাঁর পরিবার নিয়ে বড়বাজার এলাকায় তাঁদের (মোতালেব) চারতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। বাড়ির নিচতলায় একটি গুদাম রয়েছে। সেখানে তিনি (মোতালেব) দোকানের মালামাল রাখেন। একই সঙ্গে ওই গুদামে এনামুলদের তিনটি মোটরসাইকেল থাকে। গত রোববার সকালে তিনি গুদাম খুলতে গেলে নিজেদের তালার পরিবর্তে অন্য তালা লাগানো দেখতে পান। এ সময় এনামুলের পরিবারের কাউকে খুঁজে পাননি। একপর্যায়ে তালা ভেঙে তিনি মালামাল বের করেন। পরে তালা ভাঙা নিয়ে এনামুলের বাবার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়।
মোতালেব হোসেন আরও বলেন, সন্ধ্যা সাতটার দিকে এনামুল কুষ্টিয়ায় আসেন। পরে এনামুল, ভাই সজিবসহ ১০-১২ জন যুবক শহরের বড়বাজারের দোকান থেকে তাঁকে ডেকে বাড়ির দিকে নিয়ে যান। রাত নয়টার দিকে বাড়ির প্রধান ফটকের সামনে এনামুল তাঁর হাতে থাকা বেজ-ব্যাট দিয়ে প্রথমে তাঁকে আঘাত করেন। এ সময় অন্যরাও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন। চিৎকার দিলে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।
ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, মোতালেবের পায়ে রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া তাঁর শরীরে মারধরের চিহ্ন রয়েছে। তাঁকে গতকাল দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর এনামুলসহ তাঁর পরিবার ঢাকায় চলে গেছে। তবে এ ব্যাপারে জানতে চাইলে গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে মুঠোফোনে এনামুল প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাসায় নিচে গুদামে দুটি মোটরসাইকেল রাখা ছিল। মোতালেব রোববার দুপুরে গুদামের তালা ভেঙে তা চুরির চেষ্টা চালান। এ বিষয়ে আমার বাবা প্রতিবাদ করলে মাদকাসক্ত মোতালেব তাঁকে (বাবা) মানুষের সামনে প্রায় আধা ঘণ্টা ধরে গালাগাল করেন। এরপর এ ঘটনায় মোতালেবের বাবা-মা আমাদের কাছে এসে ক্ষমা চান। আমরা তাঁর অপরাধ ক্ষমা করে দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেই। মোতালেবকে মারধর তো দূরের কথা, আমরা তাঁকে থাপড়ও দেইনি।’
কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ গতকাল রাত সাড়ে নয়টার দিকে বলেন, এ ঘটনায় এনামুলের বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। রাত ১১টার দিকে মোতালেবের বাবা তাঁর ছেলেকে মারধরের অভিযোগে লিখিত অভিযোগ দেন। থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে দুটো অভিযোগই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।