ক্রিকেটার শাহাদাতের গ্রেপ্তার ও বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠা ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী নিত্য শাহাদাত এবং তাহমিনা আক্তার নামে গৃহকর্মীকে হত্যায় অভিযোগ ওঠা আইনজীবী মামুনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ছবি: প্রথম আলো
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠা ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী নিত্য শাহাদাত এবং তাহমিনা আক্তার নামে গৃহকর্মীকে হত্যায় অভিযোগ ওঠা আইনজীবী মামুনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ছবি: প্রথম আলো

গৃহকর্মীকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠা ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী নিত্য শাহাদাতকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।

মানববন্ধনে ১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে তাহমিনা আক্তার নামে এক গৃহকর্মী হত্যার বিচারও দাবি করা হয়।

সংগঠনের সহসভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ক্রিকেটাররা জাতির গর্ব। সে ক্রিকেটারদের একজনের নির্যাতনকারী হয়ে ওঠা দেশের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরে। বক্তারা শ্রম আইনে গৃহশ্রমিকদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানান।

উল্লেখ্য, গত রোববার শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে তাঁদের বাসার গৃহকর্মী মাহফুজাকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। ওই দিনই শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, অধিকাংশ ক্ষেত্রে টাকা-পয়সা ও ক্ষমতার কারণে অসহায় গৃহশ্রমিকেরা ন্যায্য বিচার পান না। অনেক সময় আবার তাঁদের ক্ষতিপূরণ দিয়ে নির্যাতনকারীরা পার পেয়ে যান। কিন্তু কোনো ক্ষতিপূরণই জীবনের বিনিময় হতে পারে না। তিনি দ্রুত ক্রিকেটার শাহাদাত হোসেন ও গৃহকর্মী তাহমিনা হত্যায় অভিযুক্ত আইনজীবী মো. মামুনের বিচারের দাবি জানান।

জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও শ্রমিক নেতা আবুল হোসাইন বলেন, যে ভদ্রলোক সমাজ গৃহশ্রমিকদের ওপর নির্যাতন করে তাঁরা অসভ্য এবং নোংরা। তিনি তাঁদের মুখোশ খুলে দেওয়ার দাবি জানান।

যুবনেতা মোস্তফা আলমগীর রতনও মানববন্ধনে বক্তব্য রাখেন।