ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে মামলা, খুঁজে পাচ্ছে না পুলিশ
শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলার আসামি হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এখন তুমুল আলোচিত বাংলাদেশের ক্রিকেটার শাহাদাত হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাঁর এ আচরণে বিব্রত। আর পুলিশ বলছে, শাহাদাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত রোববার ১১ বছরের গৃহকর্মী মাহফুজা আক্তারকে (হ্যাপি) নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তাঁর স্ত্রী নিত্য শাহাদাতের বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন খন্দকার মোজাম্মেল হক। রোববার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়েটির মাথা ও পায়ে আঘাত রয়েছে। তার সিটিস্ক্যান করা হয়েছে। মারের চোটে শিশুটির দুই চোখ প্রায় বুজে এসেছে। হাত-পাসহ সারা শরীরে অসংখ্য দাগ। আহত শিশুটি পুলিশের কাছে অভিযোগ করেছে, শাহাদাত ও তাঁর স্ত্রী রোববার সকালে তাঁকে মারধর করে আহত করেছেন। মারের চোটে দরজা খোলা পেয়ে সে বাসা থেকে বের হয়ে কালশী এলাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে। শিশুটির বাবার নাম আরব আলী ও মা পেয়ারা বেগম। তাঁদের বাড়ি জামালপুরে।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে শিশুটি। এ ঘটনায় দায়ের করা মামলার বাদী খন্দকার মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, কালশীর সাংবাদিক কলোনি এলাকায় শিশুটিকে এ অবস্থায় দেখতে পেয়ে তাঁকে থানায় নিয়ে যান তিনি। পরে শিশুটির কেউ না থাকায় তিনিই বাদী হয়ে শাহাদাত ও তাঁর স্ত্রীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ক্রিকেটার কাজী শাহাদাত হোসেনের বাসায় সাত মাস আগে কাজে যোগ দেয় মাহফুজা। শাহাদাত ও তাঁর স্ত্রী প্রায়ই তাকে মারধর করতেন, গরম খুন্তির ছ্যাঁকা দিতেন।
গত রোববার সকালে শাহাদাত ও তাঁর স্ত্রী মাহফুজাকে বাসায় আটকে রেখে নির্যাতন চালান। সকাল সাড়ে ১০টার দিকে বাসার দরজা খোলা পেয়ে সে বাসা থেকে বের হয়ে যায়। একপর্যায়ে কালশী এলাকায় এসে অসুস্থ হয়ে পড়ে।
এদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব হাসান প্রথম আলোকে বলেন, শাহাদাত ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে খুঁজে পাচ্ছে না পুলিশ।
এদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী গতকাল বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে ওর কাছে এটা প্রত্যাশিত নয়। এটা বিব্রতকর বিষয়। আমরা বিব্রত।’ তিনি বলেন, ‘এটা শুধু ওর ভাবমূর্তির বিষয় না, বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে বাজে বার্তা যাচ্ছে।’
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা বলতে শাহাদাত। শাহাদাতের সমালোচনায় মুখর ইএসপিএন, ক্রিকইনফো, বিবিসি, এএফপিসহ সবগুলো আন্তর্জাতিক গণমাধ্যম। কেউ বলছে, শাহাদাতকে খুঁজে পাচ্ছে না পুলিশ, আবার কেউ লিখেছে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে মামলা।
গত রোববার রাতে শাহাদাতের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তখন তিনি মেয়েটিকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।