ক্রিকেটে বাজি ধরা নিয়ে মারধরে আহত, পরে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনে ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরা। পরে কথা-কাটাকাটি ও মারধর। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবশ (হরিঠাকুর) গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত দিনমজুর সন্তোষ কুমার সেন (৩২) নওদাবশ গ্রামের মৃত কালীদাস সেনের ছেলে। সন্তোষ গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নওদাবশ গ্রামে চায়ের দোকানে বসে টেলিভিশনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা দেখছিলেন সন্তোষসহ গ্রামের আরও অনেকে। খেলা নিয়ে সন্তোষ ও তাঁর প্রতিবেশী এক কিশোর (১৬) ৫০ টাকার বাজি ধরেন। সন্তোষ জয়ী হওয়ার দাবি করে ওই টাকা চান। তবে ওই কিশোর টাকা দিতে অস্বীকার করে। প্রথমে কথা-কাটাকাটি, পরে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সন্তোষ মাটিতে পড়ে যান। দশম শ্রেণিপড়ুয়া কিশোরটি সেখান থেকে চলে যায়। সন্তোষকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বুধবার সকালে তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সন্তোষের মৃত্যু হয়।
গতকাল শনিবার দুপুরে নওদাবশ গ্রামে গিয়ে দেখা যায়, সন্তোষের বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। সন্তোষের স্ত্রীর নাম সাধনা রানী সেন। এ দম্পতির তিন ছেলে রয়েছে। সাধনা বলেন, ‘হামরা গরিব মানুষ। জমিজমা নাই, চার শতক ভিটাই সম্বল। হামরা ক্রিকেট খেলার কি বুঝি? সোয়ামি অন্যের দেখিয়া বাজি ধরিয়া ডাং খাইয়া মারা গেল। এলা হামার কি হইবে?’
ওই কিশোরের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরে তালা দেওয়া। গ্রামের কয়েকজন বলেন, সন্তোষের মারা যাওয়ার সংবাদ পেয়ে গতকাল ভোরে কিশোরের পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে কোথায় চলে গেছেন, তা গ্রামের কেউ বলতে পারে না।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ পাঠানো হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ রয়েছে। সেখানে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা না হলেও ওই কিশোরকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।