ক্রেতা ঠকানোর অপরাধে জরিমানা

রডের গায়ে লেখা ৫০০ ডব্লিউ গ্রেড। কিন্তু পরীক্ষা করে দেখা গেল রডের মান এর নিচে। মান যাচাই ছাড়াই দীর্ঘদিন ধরে এম এস রড তৈরি করে আসছিল বেনজ ইন্ডাস্ট্রি বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। মানহীন রড বিক্রি করে ক্রেতা ঠকানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওজনে কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে পৌনে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার নগরের নাসিরাবাদ শিল্প এলাকা ও পূর্ব নাসিরাবাদে অভিযান চালায় র্যাব ও বিএসটিআই। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক কে এম হানিফ, মাঠ কর্মকর্তা শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।
বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক কে এম হানিফ জানান, এম এস রড উৎপাদনের ক্ষেত্রে বিএসটিআই থেকে মান যাচাই করে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। কিন্তু বেনজ ইন্ডাস্ট্রি বাংলাদেশ লিমিটেড মান যাচাই ছাড়া গত আট বছর ধরে রড তৈরি করে আসছে। ২০১৪ সালে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই মামলা করেছিল। কিন্তু তারপরও তারা মান যাচাই করেনি।
বিএসটিআই সূত্র জানিয়েছে, নাসিরাবাদ শিল্প এলাকায় বেনজ ইন্ডাস্ট্রিকে পাঁচ লাখ টাকা এবং ওজনে কম দেওয়ায় পূর্ব নাসিরাবাদ এলাকার ফয়েজ আহমেদ অ্যান্ড সন্সকে এক লাখ টাকা ও বাদশা মিয়া অ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফয়েজ আহমেদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশন প্রতি লিটার ডিজেলে আট মিলিলিটার ও অকটেনে সাত মিলিলিটার করে কম দিচ্ছিল। আর বাদশা মিয়া অ্যান্ড সন্স ফিলিং স্টেশন প্রতি লিটার অকটেনে ছয় মিলিলিটার কম দিচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, যেকোনো স্থাপনা নির্মাণে রড খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমাদের মতো ভূ-কম্পন প্রবণ এলাকায় বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে মানসম্পন্ন রড ব্যবহার বাধ্যতামূলক। রডের মান নিয়ে ক্রেতাকে ঠকানো গুরুতর অপরাধ। এ ছাড়া ক্রেতাকে ওজনে কম দেওয়াও অপরাধ।