ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী হাটে গরু ও ছাগলের ক্রেতাদের কাছ থেকে হাসিলের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। হাট ইজারাদারের পক্ষের লোকজন এ টাকা নিচ্ছেন বলে জানা গেছে।
জেলা প্রশাসন অনুমোদিত হাটবাজারের হাসিল আদায়ের তালিকা অনুযায়ী, একটি গরুর জন্য ১৮০ টাকা ও একটি ছাগলের জন্য ৭০ টাকা আদায় করা যাবে।
গত মঙ্গলবার সরেজমিনে উপজেলার যাদুরানী হাটে দেখা যায়, নিয়মের বাইরে হাসিল নেওয়া হচ্ছে। হাটে একটি গরু কিনছিলেন হরিপুরের দামোল গ্রামের বাসিন্দা মো. সফিকুল। তাঁকে ১৮০ টাকার একটি রসিদ ধরিয়ে দেওয়া হয়। তিনি ওই টাকা পরিশোধও করেন। এ সময় গরু বিক্রেতা বরুয়াল গ্রামের করিম মিয়াকে আরও ২০ টাকা দিতে বললেন ইজারাদারের লোক। এ নিয়ে অনেক বাগ্বিতণ্ডার পর তিনি ২০ টাকা দিয়ে দেন। কিন্তু ইজারাদারের লোক সেই টাকার কোনো রসিদ তাঁকে দেননি।
ক্রেতা মো. সফিকুল বলেন, হাটে গরুপ্রতি ১৮০ টাকা হাসিল নির্ধারণ করা রয়েছে। কিন্তু নেওয়া হলো ২০০ টাকা। প্রতিবাদ করেই বা লাভ কী?
হরিপুরের ধীরগঞ্জ গ্রামের আমির হোসেন বলেন, তিনি সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটি খাসি কিনেছেন। তাঁর কাছ থেকে অতিরিক্ত ১৫ টাকা আদায় করা হয়েছে। একই অভিযোগ করেন জামুন গ্রামের আবুল হোসেন, যাদুরানী গ্রামের চৈতু রাম ও আমগাঁও গ্রামের আব্বাস আলী।
এ বিষয়ে জানতে চাইলে হাসিল আদায়কারী যাদুরানী গ্রামের সোহেল রানা বলেন, ‘আমরা এ বিষয়ে বলতে পারব না। ইজারাদার যেভাবে বলেছেন, আমরা সেভাবেই হাসিল নিচ্ছি।’ পরে বিস্তারিত জানার জন্য তিনি একটি মুঠোফোন নম্বর দিয়ে ওই নম্বরে যোগাযোগ করতে বলেন। পরে তাঁর দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে এই প্রতিবেদক জানতে পারেন নম্বরটি ভুয়া।
অতিরিক্ত হাসিল নেওয়া বিষয়ে হাটের ইজারাদার মো. লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। লুৎফর রহমানের ছেলে হরিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহেরের মুঠোফোনে যোগাযোগ করে তাঁর বাবার নম্বরটি চেয়ে পাওয়া যায়নি।
এ বিষয়ে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা বলেন, যাদুরানী হাটের এ সমস্যা রয়েছে। প্রতিবছর হাটটি একই ইজারাদার ডাক নেওয়ায় সমস্যাটির সমাধান করা যায়নি।
হরিপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা পীরগঞ্জের ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, তিনি এখন ঢাকায় একটি প্রশিক্ষণে আছেন। ফিরে বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেবেন।