পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সেনেরহাট দারুল মোহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা থেকে সরকারি পাঠ্যবই কেনার অভিযোগে আটক চান্দে আলীর নামে থানায় মামলা হয়েছে। তবে বই বিক্রেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
চান্দে আলীর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। তাঁকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে মাদ্রাসা থেকে আশ্রাব প্রামাণিক (৫৬) ও চান্দে আলী (৫০) নামের দুই ভাঙারি ব্যবসায়ী (পুরোনো মালামাল ক্রেতা) ৪২৬ কেজি সরকারি পাঠ্যবই কেনেন। এ সময় স্থানীয় লোকজন থানায় খবর দিলে বইসহ ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের জানান, বুধবার দুপুরে তাঁরা মাদ্রাসায় গেলে সুপারিনটেনডেন্ট হারুন অর রশিদ প্রতি কেজি ১৫ টাকা দরে বইগুলো বিক্রি করেন। এ ঘটনায় বুধবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোকলেছুর রহমান বাদী হয়ে আটক এক ব্যক্তির (চান্দে আলী) নাম উল্লেখ করে ও মাদ্রাসার অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর আশ্রাব প্রামাণিককে ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, সরকারি বই কেনার অপরাধে চান্দে আলীর বিরুদ্ধে মামলা হলো। অথচ বই যাঁরা বিক্রি করলেন, তাঁরা কেউ গ্রেপ্তার বা মামলার আসামি হলেন না। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হারুন অর রশিদ উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক হওয়ায় মামলায় তিনি আসামি হননি।
হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’ আপনার মাদ্রাসার বই তাহলে বিক্রি করল কে, এমন প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের ইচ্ছে ছিল বই বিক্রেতার নাম উল্লেখ করে মামলা করার। তবে তা সম্ভব হয়নি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুল রশিদ বলেন, ‘হারুন অর রশিদ ওলামা লীগ করায় অনেক মাদ্রাসাশিক্ষক তাঁর বিরুদ্ধে রয়েছেন। আমরা বলেছি, বই বিক্রির ঘটনা তদন্ত করে হারুন দোষী হলে তাঁকে আসামি করা হোক। তবে তদন্তের আগে যেন তাঁকে আসামি করা না হয়।’
মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন সিকদার বলেন, ‘মামলার বাদী একজনের নাম উল্লেখ করে আসামি করেছেন। তবে আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে বই বিক্রেতার নাম জানা গেলে তাঁকে আসামি করা হবে।’
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘সরকারি বই উদ্ধার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।