ক্লাব ও পাঠাগারের জমি দখল করে ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব ও পাঠাগারের জমি দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ক্লাব ও পাঠাগারের জমি দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলায় কয়েকজনের বিরুদ্ধে বার্থী ক্লাব ও পাঠাগারের ১৬ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। ওই জমিতে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।
এ ঘটনায় গত রোববার ক্লাব ও পাঠাগার কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ইউএনও (ভারপ্রাপ্ত) তানিয়া আফরোজ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ওই জমিতে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ১৯১৯ সালে স্থানীয় ব্যক্তিরা বার্থী হাট-সংলগ্ন এলাকায় জমি কিনে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বার্থী মঙ্গল ক্লাব ও পাঠাগার নির্মাণ করেন। সেখানে ভাষাশহীদদের স্মরণে ক্লাবের পাশেই একটি শহীদ মিনারও তৈরি করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের জরিপকারী মিজানুর রহমান বলেন, রেকর্ড অনুযায়ী ওই সম্পত্তির মালিক ক্লাব ও পাঠাগার। সেখানে আর কারও অংশ নেই।
বার্থী মঙ্গল ক্লাব ও পাঠাগারের সভাপতি করিম সরদার বলেন, বার্থী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান প্যাদার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বার্থী হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আ. আজিজ ব্যাপারী, হাট কমিটির সাবেক সভাপতি খলিল খান, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এমএলএসএস সোহরাব মাঝি ও প্রবাসী ডালিম মাঝি ওই জমির একটি জাল দলিল দেখিয়ে কয়েক মাস ধরে দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। তাঁরা গত বুধবার সকালে ওই জমি দখল করে সেখানে বহুতল পাকা ভবনের নির্মাণকাজ শুরু করেন।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ক্লাবঘরের সামনের জমিতে পাকা ভবনের ভিত ঢালাই শেষ করে বিম ও পিলারের বেশির ভাগের ঢালাই করা হয়েছে। ক্লাবের শহীদ মিনারটির আংশিক ভেঙে ফেলা হয়েছে। শহীদ মিনারের বেদির চারপাশের মাটি খুঁড়ে তুলে ফেলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সেখানে কর্মরত শ্রমিকেরা বলেন, এ জমি কার, তা তাঁরা জানেন না। স্থানীয় আ. আজিজ ব্যাপারী, খলিল খান, সোহরাব মাঝি ও ডালিম মাঝির নির্দেশে কাজ করছেন শ্রমিকেরা।
স্থানীয় সফিকুল ইসলাম, করিম লস্কর, শাহ আলম ও বিপুল সরকার জানান, ওই জমিতে ক্লাব কর্তৃপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে কৃষকদের স্বার্থে সেনাবাহিনী একটি সার (ইউরিয়া) কারখানা তৈরি করেছিল। দখলদারেরা ওই কারখানার ঘর ভেঙে মেশিন ও মালামাল লুট করে নিয়ে গেছে।
আ. আজিজ ব্যাপারী, খলিল খান ও সোহরাব মাঝি দাবি করেন, ‘আমরা কারও জমি দখল করিনি। ক্রয়সূত্রে ওই জমির মালিক আমরা। নিজেদের জমিতে ভবন তৈরি করছি।’
বার্থী ইউপির চেয়ারম্যান শাহজাহান প্যাদা বলেন, ‘আমার কোনো দলিলও নেই, আমি জমি দখল করতেও যাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।’