ক্লাস চলাকালে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে ক্লাস চলাকালে গতকাল সোমবার সকালে ককটেল হামলা চালানো হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় ভবনে বিভিন্ন শ্রেণির তিন হাজার ছাত্রের ক্লাস চলছিল। এ সময় বিদ্যালয়ের প্রধান ফটকে কয়েক শ অভিভাবক তাঁদের সন্তানের ছুটির অপেক্ষায় ছিলেন। ককটেল হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনির হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরপরই ধাওয়া করে স্থানীয় লোকজন তাঁকে ধরে পুলিশে দিয়েছেন। মনির মনিপুরের পাশে ৩৯ নম্বর ইসলামি সমাজকল্যাণ মসজিদ এলাকার ছাত্রশিবিরের অর্থবিষয়ক সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের গোবিন্দপুরে। পরে মনিরের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাসায় অভিযান চালিয়ে দুটি ব্যানারসহ আরও এক যুবককে গ্রেপ্তার করে মিরপুর থানার পুলিশ। তদন্তের কারণে ওই যুবকের নাম প্রকাশ করছে না পুলিশ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন অভিভাবক জানান, সকালে হঠাৎ করে আশপাশের বিভিন্ন অলিগলি থেকে ৩০-৪০ জন মিছিল নিয়ে মনিপুর উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে ‘মীর কাসেমের মুক্তি চাই’ স্লোগান দিয়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর পরই মিছিল থেকে আরও একটি ককটেল বিদ্যালয় ক্যাম্পাসে নিক্ষেপ করা হয়। ককটেলটির বিস্ফোরণে এর স্প্লিন্টারগুলো ক্যাম্পাসের ভেতরে ছড়িয়ে পড়ে। শুরু হয় লোকজনের ছোটাছুটি। এ সময় স্থানীয় লোকজন মিছিলকারীদের ধাওয়া করে মনিরকে আটক করে পুলিশে দেন।
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের বালক শাখার সকালের শিফটের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর মাহমুদ প্রথম আলোকে বলেন, ককটেল বিস্ফোরণের আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছুটি হয়েছে। আর পৌনে ১১টার দিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস ছুটি হবে। তাই সময়ের হেরফের হলে হতাহতের ঘটনা ঘটতে পারত।
হরতালের সময় স্কুল খোলা রাখা সম্পর্কে মঞ্জুর মাহমুদ জানান, স্কুলের শিক্ষা কার্যক্রম নভেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে। এ স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র রয়েছে। পরীক্ষা শুরুর আগে সিলেবাস শেষ করতে হবে। তাই ক্লাস না নিয়ে উপায় নেই।
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন জানান, এ ঘটনার পর বিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকায় পুলিশের টহল চলছে। স্কুলে সিসিটিভি রয়েছে। এগুলো দু-এক দিনের মধ্যে চালু করা হবে।
এ ঘটনায় মামলা করা হবে বলে জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান।