ক্লাস না নেওয়ায় বিদ্যালয়ে তালা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকেরা ক্লাস না নেওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বিভিন্ন শ্রেণিকক্ষের দরজা-জানালাও ভাঙচুর করেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার বেলা ১১টায় বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটেছে।

শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজে এক সপ্তাহ ধরে শিক্ষকেরা কোনো ক্লাস নিচ্ছেন না। ওই সাত দিন শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত থাকলেও শিক্ষকেরা আসেন না। এ অবস্থায় শিক্ষার্থীরা ক্লাসের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে ও কার্যালয় কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা জানালা-দরজা ভাঙচুর করে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে ও কার্যালয় কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে এবং বিভিন্ন কক্ষের দরজা, জানালা ভাঙচুর করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী বলে, ‘এক সপ্তাহ ধরে ক্লাস না হওয়ায় আমরা সবাই মিলে তালা ঝুলিয়ে দিয়েছি।’

সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ‘স্যাররা ক্লাস না নেওয়ায় ভাইয়ারা দরজায় তালা দিয়ে দিয়েছে। ভাঙচুর দেখে ভয়ে স্কুল থেকে দৌড় দিয়ে পালিয়ে এসেছি।’

এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি গিয়াস উদ্দিন পাঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন,‘আমি জামালপুরে মিটিংয়ে আছি পরে কথা বলব।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহি আখন্দ জানান, ক্লাস নেওয়া না হয়ে থাকলে অবশ্যই শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।