ক্লাস নেন না দুই শিক্ষক, পড়ান অন্যদের দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার চরটবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক ছুটি না নিয়েই দীর্ঘদিন ধরে ক্লাসে আসছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এর পরিবর্তে তাঁরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পাস দুজনকে দিয়ে পাঠদান করান।
শিক্ষার্থীর অভিভাবকেরা জানান, মেঘনা নদীবেষ্টিত মদনপুর ইউনিয়নে তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চরটবগী সরকারি বিদ্যালয় একটি। অন্য দুটি জাতীয়করণ হওয়ার পথে। চরটবগী বিদ্যালয়ে দুই শতাধিক ছাত্রছাত্রীর জন্য মাত্র দুজন শিক্ষক রয়েছেন। তাঁরা হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুছা কালিমুল্যাহ ও সহকারী শিক্ষক আমজাদ হোসেন। এর মধ্যে আমজাদ হোসেনকে চর লামছিপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুছা কালিমুল্যাহকে চরপদ্মা প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালের ২০ আগস্ট প্রেষণে আনা হয়েছে। জাতীয়করণ না হওয়ায় মুছা কালিমুল্যাহ এখনো বেতন পান না। এ দুই শিক্ষকই বিদ্যালয়ে আসেন না। তাঁদের পরিবর্তে পড়ান জোসনা ও ইয়ানুর বেগম নামের দুজন। ধারণা করা হয়, তাঁরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পাস।
১৯ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের কক্ষে গরু-ছাগলের বর্জ্য। বারান্দার রেলিংয়ের সঙ্গে গরু বাঁধা। ওই দুই শিক্ষিকা দুটি শ্রেণিতে পাঠদান করছেন। বাকি শিক্ষার্থীরা খেলাধুলায় ব্যস্ত।
জোসনা ও ইয়ানুর বেগম বলেন, ক্লাস নেওয়ার জন্য আমজাদ হোসেন তাঁদের ১ হাজার ৬০০ টাকা দেন। তাঁরা ওই টাকা ভাগ করে নেন। তাঁরা নোয়াখালী শিক্ষা বোর্ড (এ নামে কোনো শিক্ষা বোর্ড নেই) থেকে এসএসসি পাস করেছেন।
অভিভাবকেরা আরও বলেন, বিদ্যালয়টি পরিদর্শনে কোনো কর্মকর্তা, সাংবাদিক এলে শিক্ষকেরা অভিভাবক ও শিক্ষার্থীদের মিথ্যা বলতে বাধ্য করেন। না হলে শিক্ষার্থীদের উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেবেন না বলে হুমকি দেন। আমজাদ হোসেন বাড়িতে থেকে ওষুধের ব্যবসা করেন।
শিক্ষার্থীরা প্রথমে বলে, শিক্ষকেরা নিয়মিত আসেন। কিন্তু একপর্যায়ে জানায়, তাঁরা মাসের পর মাস আসেন না।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুছা কালিমুল্যাহ ও সহকারী শিক্ষক আমজাদ হোসেন বলেন, বৈরী আবহাওয়া ছাড়া তাঁরা প্রতিদিন ক্লাস করেন। ঝড়-বৃষ্টিতে নৌকা না চললে চরে যাওয়া সম্ভব হয় না।
আমজাদ হোসেন বলেন, তাঁকে দুই মাসের জন্য প্রেষণে দেওয়া হয়েছে। এখন দুই বছরেও সরানো হচ্ছে না।
মুছা কালিমুল্যাহ বলেন, ছয় বছর ধরে বিনা বেতনে ক্লাস করলেও তাঁর বেতন রাজস্ব থেকে আসছে না। কবে আসবে আল্লাহ জানেন।
উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান হাওলাদার বলেন, একটা চরের মধ্যে এত দিন কাউকে প্রেষণে রাখা ঠিক নয়। তাঁরা অভিযোগ পেয়ে শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।