ক্লাস বন্ধ করে বিদ্যালয়ে আওয়ামী লীগের সমাবেশ
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সমাবেশ করা হয়েছে। একই সঙ্গে সভায় উপস্থিত হাজারো নেতা-কর্মীর জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। গতকাল বুধবার উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ আহ্বান করা হয় ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে। সকাল ১০টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় বেলা ১১টায় এবং চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। জাতীয় সংসদের চিফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ সমাবেশে প্রধান অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সালেহউদ্দিন পিকু।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, বিদ্যালয় মাঠে সমাবেশ করার কারণে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থীর কোনো পাঠদান করানো হয়নি। তবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত ছিল। ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, গতকাল কোনো পাঠদান হয়নি।
অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের মৌখিকভাবে ওই সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। এ কারণে তারা সভা শেষ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. পারভিন বেগম শিক্ষার্থীদের ওই সভায় উপস্থিত থাকতে বলার কথা অস্বীকার করে বলেন, বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সভা হয়েছে। এ কারণে বেলা দুইটার পর শিক্ষার্থীদের পাঠদান করানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘বিদ্যালয় মাঠে সমাবেশ হয়েছে। তবে বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ছিল না এবং বন্ধ ছিল কি না, তাও জানি না। তবে যতটুকু জেনেছি, কোনো কারণে প্রধান শিক্ষক ইচ্ছা করলে বিদ্যালয় বন্ধ রাখতে পারেন।’
মো. সালেহউদ্দিন পিকু বলেন, জেএসসি পরীক্ষা থাকায় শিক্ষকেরা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন। এ কারণে ওই বিদ্যালয়ে বিকেলে পাঠদান হয়।