ক্লাস-পরীক্ষা আটকে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গত রোববার সকালে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা আটকে দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। সংঘর্ষে ছাত্রলীগের এক নেতাসহ দুজন আহত হওয়ার ঘটনার বিচারের দাবিতে সংগঠনটির নেতা-কর্মীরা বিক্ষোভও করেন।
কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানান, বিক্ষোভের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছাড়াও সাত বিভাগের পরীক্ষা হয়নি। দুপুরের পর পরিস্থিতি শান্ত হলে শুধু দুটি বিভাগের পরীক্ষা নেওয়া সম্ভব হয়। এর আগে গত বুধবার ছাত্রলীগের নেতা-কর্মীরা লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা বন্ধ করে দিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের সাতজন আহত হন। আহত সাতজনের মধ্যে সাধারণ সম্পাদকের অনুসারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও কর্মী মাসুদুর রহমানও আছেন। তাঁরা দুজন আবার কারাগারে থাকা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি ইলিয়াছ হোসেন ওরফে সবুজেরও অনুসারী। শিক্ষার্থীরা জানান, এ দুজন আহত হওয়ার ঘটনার বিচারের দাবিতে গতকাল সকালে ইলিয়াছের অনুসারী জাহিদুল ইসলাম ওরফে জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগের প্রায় ৫০ জন নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা বিশ্ববিদ্যালয়মুখী সব বাস থেকে শিক্ষার্থীদের নামিয়ে দেন। বেলা পৌনে একটার দিকে উপাচার্যের দপ্তরে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে প্রক্টরসহ কর্মকর্তারা বৈঠক করেন। এ বৈঠক শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রধান ফটকের তালা খুলে দেন।
প্রক্টর মোহাম্মদ আইনুল হক প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা আর কোনো অঘটন ঘটাবেন না বলে আশ্বস্ত করেছেন।
জানতে চাইলে ফটক বন্ধ করে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জাহিদুল প্রথম আলোকে বলেন, ‘আমাদের দুজন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনার বিচার চেয়ে তালা দিয়েছি।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে সবকিছু মিটমাট হয়েছে।