ক্লিনিক সিলগালা, মালিক ও ব্যবস্থাপক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পৌর এলাকার শুশ্রী নার্সিং হোম নামে একটি ক্লিনিকের ওয়ার্ড বয় রহিদা বেগম (২২) নামে এক তরুণীর ভ্রূণ নষ্ট করার পর অতিরিক্ত রক্তক্ষরণে গত বুধবার রাতে তাঁর মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান বলেন, এমআর করার পর রোগীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে নার্সিং হোমের মালিক জাহাঙ্গীর আলম ও ব্যবস্থাপক জিলানীকে আটক করা হয়েছে। তবে দুজন ওয়ার্ড বয় পলাতক রয়েছেন। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন আফজাল হোসেন তরফদার বলেন, বৃহস্পতিবার রাতেই নার্সিং হোমটি সিলগালা করে দেওয়া হয়েছে।
থানা-পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার জলপাখুড়ি গ্রামের দবির উদ্দিনের মেয়ে রহিদা বেগম একা এসে শুশ্রী নার্সিং হোমে ভর্তি হন। রাতে সাড়ে সাতটার দিকে নার্সিং হোমের অস্ত্রোপচার কক্ষের এক সহযোগী (ওয়ার্ড বয়) তাঁর এমআর করেন। এরপর তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। অনেক চেষ্টা করে রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে রাত সাড়ে নয়টার দিকে তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে রাত ১০টার দিকে রহিদার মৃত্যু হয়।
সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনি) চিকিৎসক নাজমা বেগম বলেন, এমআর করার সময় জরায়ু ফুটো হয়ে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রহিদার মৃত্যু হয়েছে।