ক্লিনিকে অস্ত্রোপচার, নারীর মৃত্যু ২৫ হাজার টাকা 'ক্ষতিপূরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে অস্ত্রোপচার করার পর এক নারীর মৃত্যু হেয়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ২৫ হাজার টাকা দিয়ে ওই ঘটনার রফা করা হয়েছে।
মৃত নারীর নাম আমেনা বেগম (৬০)। তিনি বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের দেউলি গ্রামের আসাদ মোল্লার স্ত্রী। বুধবার বিকেলে তাঁর ছেলে জুয়েল শেখের হাতে নাজমা মেডিকেয়ার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ আমেনা বেগমের ক্ষতিপূরণ বাবদ এই টাকা তুলে দেন।
পরিবার সূত্র জানায়, আমেনা বেগমকে গত ২০ জুন নাজমা মেডিকেয়ারে ভর্তি করানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ক্লিনিকটির চিকিৎসক ফজলুল করিম জানান, রোগীর জরায়ুতে টিউমার ও পিত্তথলিতে পাথর হয়েছে। এ জন্য চিকিৎসকেরা প্রথমে রোগীর জরায়ুতে অস্ত্রোপচার করেন। এ সময় রোগীর মলদ্বারের নাড়ি কেটে যায়। ক্লিনিকে ছয় দিন থাকার পর উন্নতি না হওয়ায় ২৬ জুন রোগীকে ছেড়ে দেওয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটলে ২২ জুলাই আবার রোগীকে ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। ২৭ জুলাই তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে উন্নতি না হওয়ায় গত সোমবার তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন দেউলি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।
জুয়েল শেখ বলেন, ‘নাজমা মেডিকেয়ারের চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলায় এবং ভুল চিকিৎসায় আমার মাকে বাঁচানো গেল না। আমি লোকজন নিয়ে ক্লিনিকে এলে মালিক সালিস করে আমাকে ২৫ হাজার টাকা ধরিয়ে দেন। মানুষের জীবনের মূল্য কি ২৫ হাজার টাকা?’
ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ বলেন, আমেনা বেগমের চিকিৎসার খরচ বাবদ তাঁর পরিবারের সদস্যদের হাতে ওই টাকা দেওয়া হয়েছে।