ক্লিনিকে তালা, চিকিৎসকসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছিলেন গৃহবধূ নাসরিন আক্তার (২৫)। কিন্তু সন্তানের মুখ ভালো করে দেখার আগেই মারা গেলেন তিনি। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে গৃহবধূর স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর চালিয়েনে।
পুলিশ ওই ক্লিনিকের মালিক ও এক চিকিৎসককে আটক করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল কুদ্দুস ও ভান্ডারিয়া থানার পুলিশ ক্লিনিকে তালা ঝুলিয়ে দেয়।
পুলিশ, হাসপাতাল ও নিহত নাসরিনের পরিবার সূত্রে জানা যায়, স্বামী মো. সেলিমকে নিয়ে নাসরিন বাবার বাড়ি উপজেলার মধ্য ভান্ডারিয়া গ্রামে বসবাস করতেন। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে অস্ত্রোপচারের জন্য তাঁকে উপজেলা সদরের শাপলা ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল বেলা দুইটার দিকে ক্লিনিকের চিকিৎসক নজরুল ইসলাম তাঁর অস্ত্রোপচার করেন। তাঁকে সহযোগিতা করেন ক্লিনিকের মালিক উপজেলার গেীরীপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আবদুল আজিজ। অস্ত্রোপচারের পর নাসরিন একটি ছেলেসন্তানের জন্ম দেন। কিন্তু বিকেল সাড়ে পাঁচটার দিকে নাসরিনের নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নাসরিনের মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে তাঁর স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর চালান।
খবর পেয়ে ভান্ডারিয়া থানার পুলিশ সন্ধ্যা সাতটার দিকে ক্লিনিকে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে ক্লিনিকের মালিক আবদুল আজিজ ও চিকিৎসক নজরুল ইসলামকে আটক করা হয়। ক্লিনিকে থাকা সাতজন রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল কুদ্দুস ও ভান্ডারিয়া থানার পুলিশ ক্লিনিকে তালা ঝুলিয়ে দেয়।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন হাজরা প্রথম আলোকে বলেন, ‘ওই ক্লিনিকে কোনো অবেদনবিদ নেই। শুনেছি ক্লিনিকের মালিক আবদুল আজিজ রোগীর অ্যানেসথেসিয়া করেছেন।’ তিনি বলেন, নবজাতক সুস্থ আছে। তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাসরিনের বাবা শাহজাহান বলেন, অবহেলায় নাসরিনের মৃত্যু হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।