ক্লিনিকে প্রসূতির মৃত্যু, টাকায় সমঝোতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের পল্লী সার্জিক্যাল ক্লিনিকে ভুল চিকিৎসায় গত সোমবার রাতে পুতুল বেগম (৩৫) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্লিনিকের মালিকপক্ষ দেড় লাখ টাকায় পরিবারের সঙ্গে সমঝোতা করেছে বলে অভিযোগ উঠেছে।
পল্লী সার্জিক্যাল ক্লিনিকের চিকিৎসক ফারহানা আক্তার পুতুলের পরিবারের সঙ্গে দেড় লাখ টাকায় সমঝোতার বিষয়টি স্বীকার করেছেন।
পুতুলের পরিবারের লোকজন জানান, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের ফরিদ হাওলাদারের অন্তঃসত্ত্বা স্ত্রী পুতুল বেগমকে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রসূতির অস্ত্রোপচার বন্ধ থাকায় বেলা ১১টার দিকে রোগীকে হাসপাতাল এলাকায় অবস্থিত পল্লী সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল চারটার দিকে ক্লিনিকের খণ্ডকালীন চিকিৎসক ফারহানা আক্তার তাঁর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের আগে কোনো অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ছাড়াই তাঁকে অচেতন করা হয়। এরপর ছেলেসন্তান হয়। কিন্তু পুতুলের আর চেতনা ফেরেনি। রাত দুইটার দিকে পুতুল মারা যান।
পুতুলের পরিবার, স্থানীয় লোকজন ও ক্লিনিক সূত্রে জানা গেছে, ওই ক্লিনিকে কোনো অবেদনবিদ নেই। নিজস্ব কোনো চিকিৎসকও নেই। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসক এনে রোগীদের অস্ত্রোপচার করা হয়।
অভিযোগ প্রসঙ্গে চিকিৎসক ফারহানা আক্তার বলেন, অস্ত্রোপচারের সময় অ্যানেসথেটিস্ট ছিলেন। তিনি ওই চিকিৎসকের নাম জানাতে পারেননি। তিনি বলেন, ‘দেরিতে কনসিভ (গর্ভধারণ) করায় এবং নিয়মিত চেকআপ না করানোয় রোগীর শারীরিক অবস্থা ভালো ছিল না। এ ছাড়া রোগীর অ্যাজমা ও হার্টে সমস্যা ছিল।’
পুতুলের এক আত্মীয় বলেন, ‘স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসে ক্লিনিকের মালিকপক্ষের সঙ্গে আমাদের সমঝোতা করে দিয়েছেন। তারা চেকের মাধ্যমে ৮০ হাজার টাকা ও নগদ ১০ টাকা দিয়েছে। আরও কিছু টাকা দেওয়ার কথা হয়েছে।’ ক্লিনিকের মালিক জলিলুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মোটরসাইকেলে আছেন বলে সংযোগ কেটে দেন। এরপর একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।