ক্ষণস্থায়ী কাঁচাবাজার, চাঁদা ওঠে লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনের ব্যস্ত সড়কে বসছে ক্ষণস্থায়ী কাঁচাবাজার। ছবি: প্রথম আলো
সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনের ব্যস্ত সড়কে বসছে ক্ষণস্থায়ী কাঁচাবাজার। ছবি: প্রথম আলো

সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনের ব্যস্ত সড়কে বছরের পর বছর ধরে বসছে ক্ষণস্থায়ী কাঁচাবাজার। অভিযোগ রয়েছে, বিক্রেতাদের কাছ থেকে এ জন্য মোটা অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা ভাগ হয়ে চলে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনের পকেটে। সিটি করপোরেশনের কর্মকর্তার ভাষ্য, স্থানীয় প্রভাবশালীদের কারণে এই বাজার বসছে। পুলিশের বক্তব্য, উচ্ছেদ হলেও আবার বাজার বসায় স্থায়ী ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কারা টাকা নেয়, তা জানে না পুলিশ।

রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনের ব্যস্ত সড়কে ভ্যান আর ঝুড়ি নিয়ে পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু হয় এই বাজার। শাকসবজি, মাছ, গরুর মাংস ও মুরগি, ফলমূল সবই মেলে বাজারে। ঘণ্টা তিনেক পর বাজার শেষ। সাড়ে নয়টার মধ্যে প্রায় ১০০ জন বিক্রেতা সব জিনিস গুটিয়ে চলে যান। অভিযোগ রয়েছে, এই কয়েক ঘণ্টার জন্য বাজারে বসতে হলে চাঁদা দিতে হয় ক্ষমতাসীন দল আর প্রশাসনকে। প্রতি মাসে এই বাজার থেকে প্রায় দুই লাখ টাকা চাঁদা তোলা হয় বলে বিক্রেতা ও চাঁদা সংগ্রহকারীর ভাষ্য। বিক্রেতারা ভ্যান বা ঝুড়ি যাই নিয়ে বসুক না কেন, প্রতিদিন প্রত্যেককে ৬০ টাকা করে চাঁদা দিতে হয়। সময় ও অবস্থাভেদে চাঁদা তোলার হারও বাড়ে। শুক্রবার পণ্যের চাহিদা বেশি থাকে। ক্রেতাদেরও ভিড় জমে। তাই একেকজন বিক্রেতাকে সেদিন ৮০ টাকা করে দিতে হয় বলে অভিযোগ রয়েছে।

মিরপুরের ক্ষণস্থায়ী বাজারের মূল ক্রেতা ভোরে হাঁটতে বের হওয়া স্বাস্থ্যসচেতন মানুষ। হাঁটা শেষে বাজার করে ফিরে যান তাঁরা। এভাবে বাজারের শুরু। দু-এক বছর চলার পর ২০১০ সাল থেকে মিরপুরের ক্ষণস্থায়ী বাজারটি জমজমাট হতে থাকে। তখন থেকে চাঁদা আদায় শুরু হয়। সবজি বিক্রেতাদের ভাষ্য, প্রথম দিকে বিক্রেতাদের ১০ টাকা চাঁদা দিতে হতো। এর পর সময় যত গড়িয়েছে, চাঁদার হারও বেড়েছে। এই বাজারের কারণে এর আশপাশের বাড়ির মালিকদের চলাচলে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করে এলাকার একজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘আমাদের গেটের সামনে বাজার চলে আসে। চলাচলে অসুবিধা হয়। কিন্তু বিক্রেতাদের কিছু বলা যায় না। বললে হুমকিধমকি দেওয়া হয়।’
ক্ষণস্থায়ী এই বাজারের নিয়মিত সবজি বিক্রেতা মো. সালাম। তিনি বলেন, ‘চাঁদা না দিলে বসন যায় না। মাসে আড়াই হাজার টাকা দিতে হয়। না দিলে উঠাইয়া দেয়।’ সালাম মিয়া জানান, বিক্রেতারা চাঁদা দেন মো. আলাল মিয়া নামে এক ব্যক্তিকে। আলাল মিয়াই ঠিক করে দেন কোথায় বসতে হবে। রাস্তার সামনে বসতে হলে টাকাও একটু বেশি দিতে হয়। ওই বাজারে এক শরও বেশি বিক্রেতা বসেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে আটটার দিকে বাঁশি বাজিয়ে বিক্রেতাদের চাঁদা দেওয়ার নির্দেশ দিচ্ছেন আলাল। এর আধঘণ্টা আগে চলে আসেন কয়েকজন। তাঁরা আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী। আলাল মিয়া চাঁদার টাকা সংগ্রহ করে তাঁদের কাছে তুলে দেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত স্থানীয় ব্যক্তিরা এই টাকার একটি অংশ পুলিশ কর্মকর্তাদের কাছে দিয়ে দেন।
চাঁদা সংগ্রহকারী আলাল মিয়ার দাবি, এই বাজারকে কেন্দ্র করে অনেক পরিবারের সংসার চলে। প্রতিদিন যত টাকা তোলা হয়, এর তিন ভাগের এক ভাগ যায় পুলিশের কাছে। বাকিটা নেয় আওয়ামী লীগের লোকজন। এঁদের বেশির ভাগই স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লার অনুগত। প্রতি মাসে এই বাজার থেকে প্রায় দুই লাখ টাকা চাঁদা তোলা হয় বলে আলালের ভাষ্য।
আলাল মিয়া বলেন, ‘বাজারের লাইগা এমপি সাহেবের পারমিশন লইতে হইছে। উনার লোকেরা এই টাকা পল্লবীর একটা মাদ্রাসায় নাকি দেয়।’
এ ব্যাপারে মোবাইল ফোনে সাংসদ ইলিয়াস মোল্লার সঙ্গে বেশ কয়েক বার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের বাজার উচ্ছেদে সব সময় কার্যক্রম চলে। কিন্তু উচ্ছেদের পর আবার কাঁচা বাজারগুলো রাস্তার ওপর বসে যায়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কারণেই এসব বাজার বসে।’
কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না-এ ব্যাপারে পল্লবী জোনের পুলিশের সহকারী কমিশনার কামাল হোসেনের দেওয়া ভাষ্য, যাঁরা বাজারে বসেন, তাঁরা ভ্যানে করে বিভিন্ন পণ্য নিয়ে আসেন। যখন তাঁদের আটকানো হয়, বলেন ভ্যানে করে বাজার নিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, উচ্ছেদ করলেও পরে আবার বাজার বসে। স্থায়ী পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।

পুলিশ বা স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের টাকা নেওয়ার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘টাকা কারা নেয়, বলতে পারছি না। যখন পারি, বাজার উঠিয়ে দেওয়ার চেষ্টা করি।’

একইভাবে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে হলিডে মার্কেট, ঝিগাতলা সুগন্ধা কমিউনিটি সেন্টারের সামনেও মাছের বাজার বসে। অভিযোগ রয়েছে, সেখান থেকেও একইভাবে চাঁদা তোলা হয়।

মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনের ব্যস্ত সড়কে কাঁচাবাজার। ছবি: প্রথম আলো
মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনের ব্যস্ত সড়কে কাঁচাবাজার। ছবি: প্রথম আলো